সংবিধানসংশ্লিষ্ট ৪৯ আইন দ্রুত প্রণয়নের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানসংশ্লিষ্ট ৪৯টি আইন দ্রুত প্রণয়নের তাগিদ দিয়েছে আইন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। এ আইনগুলো না থাকলে সংবিধান সঠিকভাবে বাস্তবায়িত হবে না। এতে শূন্যতা তৈরি হয়।

আজ বৃহস্পতিবার সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, জাতীয় সংগীত-সংক্রান্ত আইন নেই। এ কারণে যে যার মতো করে জাতীয় সংগীত গায়। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইনও নেই।

প্রসঙ্গত, এই সংবিধানে নির্বাচন কমিশনার ও বিচারপতি নিয়োগ আইনও নেই।

কমিটির সভাপতি বলেন, সংবিধানসংশ্লিষ্ট আইনগুলো না থাকাতে একধরনের সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে। তিনি জানান, সংবিধানে বিচারপতিদের অভিশংসন-সংক্রান্ত ৯৬ ধারা নিয়ে কমিটি কাজ করছে। বিএনপি রাজনৈতিক কারণে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়টির বিরোধিতা করছে বলেও তিনি মন্তব্য করেন।