সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ নেই: মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতান্ত্রিক দেশে ভোটের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তন হতে পারে, অন্য কোনো পন্থায় নয়। নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে মন্ত্রী বলেন, ‘সংবিধানে এ রকম কোনো ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই।’
আজ শনিবার সকালে কুড়িগ্রামে দ্বিতীয় ধরলা সেতুর কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।
সেতু পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন সাংবাদিকদের জানান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ওপর নির্মাণাধীন দ্বিতীয় ধরলা সেতুর কাজের অগ্রগতি ৬২ ভাগ। ২০১৩ সালে মে মাস সেতু নির্মাণের কাজ শুরু হয়। ২০১৬ সালের জুলাইয়ে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানো হয়েছে। চলতি বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই সেতু তৈরি ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার প্রায় আট লাখ মানুষ সুফল পাবেন।
পরে বিকেল চারটায় সদ্য বিলুপ্ত দাশিয়ারছড়ার উন্নয়নকাজ পরিদর্শন করেন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ সময় দাশিয়ারছড়ার কালিরহাটে এক সমাবেশে বক্তব্য দেন।
এই সমাবেশের আগে মন্ত্রী দাশিয়ারছড়ার পাশ দিয়ে প্রবাহিত নীল কমল নদের ওপর দেড় কোটি টাকা ব্যয়ে ৩৬ মিটার সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন।