সংবিধানে আদিবাসীদের অধিকার নিশ্চিত করা হলেও বাস্তবায়ন নেই
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, সংবিধানে আদিবাসীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হলেও তার বাস্তবায়ন নেই। সম্প্রতি আদিবাসীদের জমি দখল, হত্যা, ধর্ষণ, লুণ্ঠনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সরকার কোনো ভূমিকা পালন করছে না। পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইনটি এখনো নিষ্পত্তি হয়নি। এগুলো ভবিষ্যতে বড় কোনো সংঘাতের কারণ হতে পারে।গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এক নাগরিক প্রতিবাদ সমাবেশে রাশেদ খান মেনন এ কথা বলেন। নওগাঁ জেলার মান্দা উপজেলায় ৪ মে চার আদিবাসী কৃষিশ্রমিককে খুন, ৯ মে রাঙামাটির লংগদু উপজেলায় ১১ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং দোষী ব্যক্তিদের শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণের দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, নওগাঁয় চার আদিবাসী কৃষিশ্রমিককে খুন ও রাঙামাটিতে ১১ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলা দ্রুত বিচার আইনের আওতায় আনতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণ ঐক্যের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন, দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান প্রমুখ।