সংবিধানে আদিবাসীদের আত্মপরিচয়ের স্বীকৃতি দাবি
সংবিধান সংশোধন-প্রক্রিয়ায় আদিবাসীদের স্বতন্ত্র আত্মপরিচয়ের সুস্পষ্ট স্বীকৃতির লক্ষ্যে প্রয়োজনীয় ধারা অন্তর্ভুক্ত করা উচিত। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১’ সংশোধন করতে হবে।তিনটি পার্বত্য জেলায় সাম্প্রতিক এক সফর শেষে গত মঙ্গলবার সরকারের কাছে এ দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম কমিশন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিশনের কো-চেয়ারপারসন এরিক অ্যাভেবরি, সুলতানা কামাল ও ইডা নিকোলাইসেন আহ্বান জানিয়েছেন।পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পর্কিত সামগ্রিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ মূল্যায়নের লক্ষ্যে কমিশন গত ৪ থেকে ১০ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম সফর করে। এ সময় কমিশনের সদস্যরা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেন। এরপর সেখানকার পরিস্থিতি নিয়ে তাঁদের কিছু সুপারিশ সরকারের কাছে তুলে ধরেন।ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য পার্বত্য চুক্তি ও আঞ্চলিক পরিষদের পেশ করা সুপারিশমালা অনুযায়ী ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১’ সংশোধনেরও দাবি জানিয়েছে কমিশন। ভবিষ্যতে ভূমি কমিশনের সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত পাহাড়ি নেতাদের সম্মতি গ্রহণ নিশ্চিত করারও দাবি করেছেন তাঁরা।এ ছাড়া গত ফেব্রুয়ারিতে রাঙামাটির বাঘাইহাট ও খাগড়াছড়ি শহরে সংঘটিত আক্রমণ, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের বিস্তারিত এবং নিরপেক্ষ তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের স্বাধীন তদন্তের ব্যবস্থা করারও সুপারিশ করা হয়। পার্বত্যাঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কমিশন অস্থায়ী সেনা ক্যাম্পগুলো প্রত্যাহারের পাশাপাশি সেখানে পূর্ণাঙ্গভাবে বেসামরিক প্রশাসন পুনঃপ্রতিষ্ঠার সুপারিশ করেছে। একই সঙ্গে আঞ্চলিক পরিষদ, পার্বত্য জেলা পরিষদ এবং সব রাজা (সার্কেল চিফ), হেডম্যান, কার্বারিসহ পার্বত্য চট্টগ্রামের প্রতিষ্ঠানগুলোকে অবাধে ভূমিকা পালনের সুযোগ সৃষ্টি করা জরুরি বলেও সুপারিশে বলা হয়।