৪০ বছর পর আদিবাসীদের স্বীকৃতি দেশের সংবিধানে খণ্ডিতভাবে এসেছে। সাংবিধানিক অধিকার পুরোপুরি কার্যকর থাকলে আদিবাসী অধিকার আইনের প্রয়োজন ছিল না। আদিবাসী কারা, তার সর্বজনীন গ্রহণযোগ্য সংজ্ঞায় এখনো পৌঁছানো যায়নি।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে ‘বাংলাদেশ আদিবাসী অধিকার আইন’ শীর্ষক জাতীয় পর্যায়ের এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ আদিবাসী আইন, ২০১২-এর খসড়া আইনের ওপর বিভিন্ন স্তরের মানুষের প্রস্তাব আহ্বানে এ সভার আয়োজন করে আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস।
ককাসের আহ্বায়ক রাশেদ খান মেনন বলেন, আদিবাসী আইন প্রতিবেশী দেশগুলোতে রয়েছে। বর্তমান সংসদে না হলেও পরবর্তী সংসদে এ আইন নিয়ে আলোচনা হবে।
ককাসের টেকনিক্যাল কমিটির সমন্বয়কারী মেজবাহ কামাল বলেন, দেশের আদিবাসীদের অধিকার রক্ষায় এ আইন তৈরিতে সবার মতামত ও পরামর্শ প্রয়োজন।
খসড়া আইনের বিভিন্ন বিষয়ে সংশোধনী প্রস্তাব করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সংবিধান পুরোপুরি কার্যকর থাকলে এ ধরনের আইনের প্রয়োজনীয়তা থাকত না। আদিবাসী নাম নিয়ে এ আইন সংসদে পাস হবে না।
চার মাস আগে রাঙামাটিতে ৫২ ব্যক্তি অপহূত হয়েছেন, অথচ তাঁদের উদ্ধারে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন মিজানুর রহমান।
খসড়া আইনে ভূমির অধিকার বিষয়ে জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান শাহ আলম বলেন, বিদ্যমান আইনসমূহের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করা যাবে না। তিনি আদিবাসী শব্দটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে এর আরও বিশদ ব্যাখ্যার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন।
সভায় খসড়া আইনের বিভিন্ন দিক তুলে ধরেন আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা।
সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক আবেদ খান, এটিএন বাংলার উপদেষ্টা (প্রোগ্রাম) নওয়াজিশ আলী খান, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র সরেন, পটুয়াখালী রাখাইন সমাজকল্যাণ সমিতির সভাপতি উই শুয়ে হাওলাদার প্রমুখ।