সংবিধানে নির্বাচন সহায়ক সরকারের সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন পরিচালনার জন্য সংবিধানে কোনো সহায়ক সরকারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। সরকার সে নির্বাচনে সহায়তা দেবে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের থাকবে না। তখন পুলিশ, প্রশাসন এবং যে মন্ত্রণালয় ও বিভাগগুলো নির্বাচনের জন্য দরকার, সেগুলো সবই নির্বাচন কমিশনের অধীনে থাকবে।
গতকাল বুধবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজে নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন সেতুমন্ত্রী। কোম্পানীগঞ্জ তাঁর নির্বাচনী এলাকা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা ওবায়দুল কাদের বিএনপির প্রতি ইঙ্গিত করে অনুষ্ঠানে আরও বলেন, দেশে কোনো কোনো দল আছে, শুধু ‘মানি না, মানব না’ বলে তারা ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। এই রেকর্ড আগামী নির্বাচনের ফলাফল পর্যন্ত বাজাবে। কিন্তু সময় ও স্রোত কারও জন্য বসে থাকে না, তেমনি নির্বাচনও কারও জন্য বসে থাকবে না।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে না এসে এবার আর কোনো রাজনৈতিক দল নিজেদের অস্তিত্বকে বিপন্ন করার ঝুঁকি নেবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দিন চৌধুরী। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সুস্মিতা ভৌমিক। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
পরে সেতুমন্ত্রী একই উপজেলার বামনী ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন। কলেজের অধ্যক্ষ রাহবার ছোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বামনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী।