সংবিধানে মৌলিক পরিবর্তন বিএনপি মানবে না: খালেদা
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি না নিয়ে সংবিধানে মৌলিক পরিবর্তন করা হলে বিএনপি তা মেনে নেবে না। তিনি বলেন, সরকার, জাতীয় সংসদ, বিচার বিভাগ কিংবা কোনো কমিটির ওপর সংবিধান পরিবর্তনের দায়িত্ব ছেড়ে দেওয়া যায় না।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীরা বিজয়ী হওয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে গতকাল বৃহস্পতিবার তাঁদের সংবর্ধনা দেয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেগম জিয়া এসব কথা বলেন। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, সংশোধনের নামে খসড়া সংবিধান তৈরিতে সাংবিধানিক সংকট ও শূন্যতা সৃষ্টি হয়েছে। এ থেকে উত্তরণের জন্যই বিএনপি মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলেছে। এই দাবি আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে।লিখিত বক্তব্যের বাইরে খালেদা জিয়া কারও নাম উল্লেখ না করে বলেন, ‘অসুস্থ কোনো মানুষকে দিয়ে তো দেশ চলে না। তাই আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এমন ব্যবস্থা করা হবে, যেন অসুস্থ মস্তিষ্কের কেউ ক্ষমতায় আসতে না পারে।’খালেদা জিয়া বলেন, দেশে ন্যায়বিচারের কোনো পরিবেশ ও সুযোগ নেই। বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদে। উচ্চ আদালতে নগ্ন দলীয়করণ এবং অ্যাটর্নি জেনারেলের অফিস ও সরকারের অসহনীয় হস্তক্ষেপে মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, সংবিধান সংশোধনের নামে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের বিধান তুলে বিচারপতি নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করতে চাইছে সরকার।বিরোধীদলীয় নেত্রী সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিকে একদলীয় কমিটি হিসেবে উল্লেখ করেন। তিনি প্রশ্ন করেন, ‘খসড়া সংবিধান কেন? তাহলে কি মূল সংবিধান বাতিল হয়ে গেছে? আমি জানতে চাই, কোন সংবিধানে এখন দেশ চলছে? খসড়া সংবিধানে দেশ চলতে পারে না।’জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারপতি টি এইচ খান, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল প্রমুখ বক্তব্য দেন।