সংবিধানে যেভাবে বলা হয়েছে, সেভাবে নির্বাচন হবে: গওহর রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ‘সংবিধানে যেভাবে বলা আছে, সেভাবেই সময়মতো আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোনো ধরনের সমস্যা হবে না।’
গতকাল শনিবার চট্টগ্রামের মুসলিম হলে অনুষ্ঠিত বিভাগীয় এনজিও সমাবেশে সাংবাদিকদের গওহর রিজভী এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন, সার্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিদেশি পর্যবেক্ষকেরা এসে নির্বাচন পর্যবেক্ষণ করুক। তারা দেখুক কীভাবে আমাদের দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’
গওহর রিজভী দিনব্যাপী বিভাগীয় এনজিও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও এনজিওবিষয়ক ব্যুরো যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের পেছনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাঁদের সচেতন করতে হবে, কেউ যেন তাঁদের পেছনে নিয়ে যেতে না পারে। এ জন্য এনজিওগুলোর ভূমিকা রাখতে হবে। যতক্ষণ ঘরে-বাইরে নারীদের সমান অধিকার দেওয়া না যাবে, ততক্ষণ দেশের উন্নয়ন সম্ভব নয়।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. নুরুন নবী তালুকদার প্রমুখ।