আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্ট সংবিধান পরিবর্তন বা সংশোধন করেননি, এর অবৈধ অংশ বাতিল করেছেন।গতকাল শুক্রবার রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ইতিহাস একাডেমি আয়োজিত ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, এ কথা ঠিক যে সংসদই সংবিধান সংশোধন করতে পারে। কিন্তু কেউ যদি অবৈধভাবে সংবিধান পরিবর্তন করে এবং ওই পরিবর্তন সংসদ অনুমোদনও করে, তবে সেই সংবিধান পরিবর্তন বা সংশোধনের ক্ষমতা উচ্চ আদালতের আছে।মন্ত্রী বলেন, ২০০৩ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র প্রকাশিত হয়। এর তৃতীয় খণ্ডের প্রথম পৃষ্ঠায় স্বাধীনতার ঘোষণাপত্রে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার কথা লেখা ছিল। ২০০৪ সালে বঙ্গবন্ধুর জায়গায় জিয়াউর রহমানের ঘোষণা অন্তর্ভুক্ত করা হয়। এটি ইতিহাসের অসত্য উপস্থাপনা। এ ব্যাপারে ২০০৯ সালে সুপ্রিম কোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্ট তা অবৈধ বলে রায় দেন এবং সেটি বাতিল করেন। সুপ্রিম কোর্ট সঠিক কাজটিই করেছেন।ইতিহাস একাডেমির সভাপতি কে এম মোহসীন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র তৈরির ক্ষেত্রে প্রথমবার যে কমিটি গঠিত হয়েছিল, তার আট সদস্যের মধ্যে ছয়জনই ছিলেন ইতিহাসবিদ। আর দ্বিতীয়বার গঠিত কমিটিতে রাখা হয়েছিল মাত্র দুজনকে—আমি আর অধ্যাপক সিরাজুল ইসলাম। সঠিক ইতিহাসের বিরুদ্ধে যাওয়ায় আমরা দুজনই ওই কমিটি থেকে পদত্যাগ করেছিলাম।’সম্মেলনে মূল প্রবন্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক এ কে এম ইয়াকুব আলী বলেন, মানুষ যেমন চলমান, ইতিহাসও তেমনি চলমান। তাই মানবজাতির অগ্রযাত্রার সঙ্গে মিশে আছে ইতিহাস।আয়োজকেরা জানান, সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষকেরা অংশ নিচ্ছেন। এর মধ্যে ভারতের ২৫ এবং পাকিস্তানের একজন শিক্ষকও রয়েছেন।