সংবিধানের আওতার মধ্যেই নির্বাচন হবে: দীপু মনি

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, আন্তর্জাতিকভাবে যেটি চাওয়া, দেশের জনগণের একই চাওয়া—তাহলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সংবিধানের আওতার মধ্যেই সেই নির্বাচন সম্পন্ন হবে এবং জনগণ তাদের পছন্দ অনুযায়ী পরবর্তী সরকার নির্বাচিত করবে।
আজ শনিবার দুপুরে চাঁদপুরের পুরান বাজার ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত পৌনে পাঁচ বছর দেশে বিভিন্ন নির্বাচন যেভাবে অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে, আগামী সাধারণ নির্বাচনও ঠিক একইভাবে সম্পন্ন হবে। কেননা, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও শক্তিশালী। তিনি বলেন, ‘আমরা কোনো নির্বাচনে হস্তক্ষেপ করিনি। ভবিষ্যতেও করব না। জনগণ চায় অবাধ নিরপেক্ষ নির্বাচন, সে অবাধ নিরপেক্ষ নির্বাচন সরকার অবশ্যই সম্পন্ন করবে।’
বর্তমান সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হবে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘সরকারের দিক থেকে কোনো ধরনের কোনো তাড়াহুড়ো করার বিষয় নেই। আইন আইনের গতিতে চলবে। আমরা বিশ্বাস করি, যুদ্ধাপরাধীদের বিচারের রায় অবশ্যই কার্যকর হবে।’