সংবিধানের আলোকেই আগামী নির্বাচন হবে : খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্দুর রাজ্জাক
আব্দুর রাজ্জাক

খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, সংবিধানের আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকারের চলতি মেয়াদে জাতীয় সংসদের উপনির্বাচনসহ যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেগুলো অবাধ ও সুষ্ঠু হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
আজ টাঙ্গাইলের ধনবাড়ী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন খাদ্যমন্ত্রী। বাংলাদেশ শিক্ষক সমিতি ধনবাড়ী উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
আব্দুর রাজ্জাক বলেন, সারা জীবন আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছে। এ সংগঠনের ইতিহাসে কখনোই কোন স্বৈরাচারের সঙ্গে সখ্য করে বা কানা গলিপথে ক্ষমতায় যায়নি। সব সময়ই আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে। তিনি বলেন, বিশ্বব্যাপী মন্দা থাকা সত্ত্বেও বাংলাদেশে খাদ্যের সংকট হয়নি। বিশাল জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এ দেশের স্বাধীনতার যারা বিরোধিতা করে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর সেজে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে, সরকার তাদেরও বিচার করছে। এটিও সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল। এ সবকিছুকে বাধাগ্রস্ত করতে বিরোধী দল অব্যাহত অপচেষ্টা চালিয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মেহেরুন নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য শাহাদত্ হোসেন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আবদুল বাছেত মিয়া প্রমুখ।

এর আগে মন্ত্রী এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় ক্ষতিগ্রস্ত খামারিদের মধ্যে মুরগি, নগদ অর্থ ও ওষুধ বিতরণ করেন। ‘স্ট্রেংদেনিং অব সাপোর্ট সার্ভিসেস ফর কমব্যাটিং এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ৪০ জন ও ধনবাড়ী উপজেলা পরিষদে ৬০ জন ক্ষতিগ্রস্ত খামারিকে এ সহায়তা দেওয়া হয়।