জামায়াতে ইসলামী বলেছে, অবৈধভাবে ক্ষমতায় থাকার উদ্দেশেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভার সদস্য এবং ১৪-দলীয় জোটের নেতারা সংবিধানের দোহাই দিয়ে তাঁদের সরকারের অধীন একতরফা নির্বাচন করার ষড়যন্ত্র করছেন। তাঁদের এ অপচেষ্টা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে জনগণের ত্যাগ ও রক্তের সঙ্গে বেইমানি।গতকাল শুক্রবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এসব কথা বলেন। সংবিধানের বাইরে অন্য কোনো পন্থায় নির্বাচন না করার বিষয়ে প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের নেতারা যে বক্তব্য দিচ্ছেন, তার প্রতিক্রিয়া জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।বিবৃতিতে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের মানুষ ১৯৮৩-৯০ সাল এবং ’৯৩-’৯৬ সাল পর্যন্ত আন্দোলন করেছে। বহু লোক জীবন দিয়ে, রক্ত দিয়ে, জেল খেটে সে আন্দোলন সফল করেন এবং এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা সংবিধানে সংযোজিত হয়েছে। দেশের ৯০ শতঅংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, তাঁরা দলীয় সরকারের অধীন ভোটারবিহীন একতরফা নির্বাচন চায় না। এ গণদাবি উপেক্ষা করে সরকার যেনতেনভাবে নির্বাচন করে ক্ষমতায় আসার যে ষড়যন্ত্র করছে, জনগণ তা কিছুতেই বাস্তবায়ন হতে দেবে না।বিবৃতিতে ‘বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ’ ট্রাইব্যুনাল ভেঙে দিয়ে সব নেতা-কর্মী, ওলামায়ে কেরামের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করে পদত্যাগ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।