জামায়াত নেতাদের রিটের শুনানি আজ
সংবিধানের প্রথম সংশোধনী ও ট্রাইব্যুনাল আইনের বিধান চ্যালেঞ্জ
সংবিধানের প্রথম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জামায়াতের শীর্ষস্থানীয় দুজন নেতা। ওই সংশোধনীর মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের বিচারের পথ উন্মুক্ত হয়েছিল। রিটে জামায়াতের শীর্ষ চার নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা প্রথম মামলার (বিবিধ) কার্যক্রমের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সাতটি ধারা ও উপধারার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।গতকাল সোমবার কারাগারে আটক জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার পক্ষে এই রিট করা হয়। বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চে রিটটি উপস্থাপন করা হয়। আজ মঙ্গলবার দুপুরে এর শুনানি হবে।একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগে ২১ জুলাই জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে বিবিধ মামলা নং-১ দায়ের করা হয়। রিটে ট্রাইব্যুনালের কার্যক্রমের ওপর স্থগিতাদেশও চাওয়া হয়েছে। একই সঙ্গে আইনের সংশ্লিষ্ট ধারা ও সংবিধানের প্রথম সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী ঘোষণা করার আরজি জানানো হয়। রিটে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব ও ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।রিট আবেদনে ১৯৭৩ সালের ১৫ জুলাই পাস হওয়া সংবিধানের প্রথম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। প্রথম সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৪৭(ক) ও ৪৭(৩) অনুচ্ছেদ সংবিধানে সংযুক্ত করা হয়। এই অনুচ্ছেদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে সুরক্ষা দেওয়া হয়েছে। অনুচ্ছেদ অনুযায়ী সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্যদের যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের জন্য প্রণীত কোনো আইন সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হলেও তা বাতিল হবে না। এসব অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে সংবিধানের মৌলিক অধিকার প্রযোজ্য হবে না।রিটে বলা হয়, কোনো সংশোধনীর মাধ্যমে সার্বজনীন মানবাধিকার কেড়ে নেওয়া যায় না। সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী কোনো সংশোধনী অনুমোদনের এখতিয়ার সংসদেরও নেই।এ ছাড়া রিটে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩(১), ৬(২), ৬(৮), ১৯(১), ১৯(৩), ২০(২) ও ২৩ নম্বর বিধানের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের মাধ্যমে হাইকোর্টের ক্ষমতাকে কেড়ে নেওয়া হয়েছে। এই আইনে অভিযুক্ত ব্যক্তিদের হাইকোর্টে প্রতিকার চাওয়ার অধিকার খর্ব করা হয়েছে। হাইকোর্টে বিচারিক পুনর্বিবেচনার (জুডিশিয়াল রিভিউ) ক্ষমতা সংবিধানের মৌলিক কাঠামোর অন্তর্ভুক্ত। কোনো আইনের মাধ্যমে নাগরিকের সংবিধান প্রদত্ত এই অধিকার কেড়ে নেওয়া যায় না।উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্য পদে হাইকোর্টের দুজন বিচারপতির দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াতের সমর্থক আইনজীবী নওয়াব আলী ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী হাইকোর্টে রিট করেন। গত ২৮ জুলাই হাইকোর্ট তা খারিজ করে দেন।