
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অস্পষ্ট। তিনি সব দলকে নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, সে সময় সংসদ বহাল থাকবে কি থাকবে না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। যেহেতু কিছু বলেননি, তাই ধরে নেওয়া যায়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে থেকে যাবেন এবং সংসদও বহাল থাকবে। বিষয়টি বিরোধী দল মেনে নেবে কি না, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।
বর্তমান সংবিধানে বিদ্যমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ বাতলানো নেই, যে কারণে আজকের সমস্যা। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণ দিয়েছেন, তাতে তিনি সংবিধানের বাইরে গিয়ে কোনো কথা বলেননি। সংবিধানে যেভাবে বলা আছে, সেভাবেই তিনি নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। কিন্তু সংকটের সমাধানের জন্য সংবিধানের বাইরে গিয়ে কিছু কথা বলতে হবে, যা প্রধানমন্ত্রী বলেননি। এখন দেখতে হবে, বিরোধী দল প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে কীভাবে গ্রহণ করে।
প্রধানমন্ত্রী বলেছেন, ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হবে। কিন্তু সংসদ বহাল রেখে নির্বাচন হলে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি হবে না। তাতে বর্তমান সংসদে নেই, এমন যাঁরা প্রার্থী হবেন, তাঁদের বৈষম্যের শিকার হতে হবে। বিদ্যমান সংসদের সাংসদেরা নির্বাচনী ময়দানে বাড়তি সুবিধা পাবেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে এ বিষয়গুলো পরিষ্কার করা হয়নি। প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হলে ২৫ অক্টোবরের পর নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় দায়-দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর বর্তাবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের কর্মপরিধি কী হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেননি। অন্তর্বর্তী সরকার যে শুধু দৈনন্দিন কাজ করবে, নীতিগত কোনো সিদ্ধান্ত নেবে না, সেই নিশ্চয়তা কে দেবে—এ বিষয়েও প্রধানমন্ত্রী কিছু বলেননি। এ বিষয়গুলো অস্পষ্ট থাকা অবস্থায় নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে।
এম সাখাওয়াত হোসেন: সাবেক নির্বাচন কমিশনার