সংবিধানের বাইরে কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সংবিধানের আওতায় নির্ধারিত সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সংবিধানের বাইরে অন্য কোনো ব্যবস্থা গ্রহণযোগ্য হবে না।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে নেওয়া প্রস্তাবে এ কথা বলা হয়। গত রোববার রাতে গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকের প্রস্তাব গতকাল সোমবার সংবাদমাধ্যমে পাঠানো হয়।

 প্রস্তাবে বলা হয়, বর্তমান সরকারের আমলে জাতীয় সংসদের উপনির্বাচন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ ছয় হাজার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বহু ক্ষেত্রে বিরোধী দলের প্রার্থীরা জয়লাভ করেছেন। এটা প্রমাণ করে, আগামী জাতীয় সংসদ নির্বাচনও সাংবিধানিক সরকারের অধীনেই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার সরকার এ ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

প্রস্তাবে দাবি করা হয়, বর্তমান সরকারের আমলে রাষ্ট্রপতির উদ্যোগে সবার মতামত গ্রহণ ও অনুসন্ধান কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি, স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ক্ষমতা বৃদ্ধি, কার্যকর মানবাধিকার কমিশন গঠন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে উপজেলা পরিষদের হাতে ১৭টি মন্ত্রণালয়ভিত্তিক ক্ষমতা হস্তান্তর করা হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ওই বৈঠকে দেশব্যাপী জোরদার গণসংযোগ ও প্রচারাভিযান পরিচালনারও সিদ্ধান্ত হয়।

সারের দাম কমছে: বৈঠকসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বৈঠকে সারের দাম কমানোর প্রস্তাব দেওয়া হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে সম্মতি দেন।

সাংগঠনিক সফর: বৈঠকসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নির্বাচন সামনে রেখে ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু হবে। দলীয় নেতারা ১৫টি ভাগে বিভক্ত হয়ে সারা দেশ সফর করবেন। এ সময় তাঁরা জনসভা ছাড়া স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরই মধ্যে নেতাদের সাংগঠনিক সফরসূচির খসড়া করা হয়েছে বলে জানা গেছে।

জোট সম্প্রসারণের প্রস্তাব: দলীয় সূত্রগুলো জানায়, রোববারের বৈঠকে ১৪ দলকে সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়। কেউ কেউ গণফোরাম ও কৃষক শ্রমিক জনতা লীগকে ১৪ দলে অন্তর্ভুক্তির প্রস্তাব দেন। তবে এ নিয়ে বেশি আলোচনা হয়নি। ৩০ আগস্ট ঢাকায় একটি সমাবেশ করার সিদ্ধান্ত হয়। সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ হবে। শেখ হাসিনা বক্তব্য দেবেন।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগকে উত্তর ও দক্ষিণ দুই ভাগ করার সিদ্ধান্ত হয়। যেসব জেলায় ১০টি বা ততোধিক উপজেলা আছে, সেসব জেলাকে সাংগঠনিকভাবে দুই ভাগ করার সিদ্ধান্ত হয়।