সংবিধানের বাইরে কোনো সমাধান নয়: বনমন্ত্রী

নির্বাচনকালীন সরকার বিষয়ে সংবিধান নির্দেশিত পথেই সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। আজ সোমবার রাজধানীর মিরপুরে যুবলীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর বাসভবনে বোমা হামলার প্রতিবাদে যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখা এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
হাছান মাহমুদ বলেন, একটি শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সদিচ্ছা নিয়ে প্রধানমন্ত্রী ফোন করার পরও বিরোধীদলীয় নেতার নেতিবাচক মনোভাবে দেশবাসী হতাশ হয়েছে। বিরোধীদলীয় নেতা লাল টেলিফোন নষ্ট হওয়ার অজুহাত দেখিয়ে, বোমা মেরে, মানুষ হত্যা করে, জ্বালাও-পোড়াও নীতি গ্রহণ করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন। কিন্তু মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলার মানুষকে দাবিয়ে রাখা যাবে না।
হরতালে ব্যাপক নাশকতার কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, কোনো সুস্থ মানুষ হরতালের নামে এ ধরনের নাশকতাকে সমর্থন করতে পারে না। বিএনপি গণতান্ত্রিক বিধি-ব্যবস্থায় বিশ্বাস করে না। গণতান্ত্রিক বিধি-ব্যবস্থায় বিশ্বাস করে না বলেই বিএনপি জামায়াতের কাঁধে ভর করে সারা দেশে পরিকল্পিত নাশকতা ও নৈরাজ্য চালাচ্ছে। এ নাশকতা, নৈরাজ্য ও বোমা হামলার দায়-দায়িত্ব বেগম খালেদা জিয়ার। বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপিত করার জন্য তিনি সারা দেশে বোমাবাজি করাচ্ছেন।
আগামী নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে সরকার ক্ষমতায় থেকে সারা দেশে পাঁচ বছরে প্রায় ছয় হাজার সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারে, সেই সরকারের পক্ষে একটি জাতীয় নির্বাচনও সুষ্ঠুভাবে করা সম্ভব। তাই সংবিধানসম্মত উপায়ে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য আলাপ-আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধানে আসার জন্য তিনি বিরোধী দলের প্রতি আবারও আহ্বান জানান।