সংবিধানের বাইরে সরকার কিছুই করবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান অনুযায়ী দেশ পরিচালনায় তাঁর দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, ‘সরকার গণতন্ত্র ও সংবিধানে বিশ্বাসী এবং সংবিধানের বাইরে কিছুই করবে না।’ চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নবনির্বাচিত কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে সাংসদ এম এ লতিফ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ও জাতীয় সংসদের উপনির্বাচনসহ বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচনই অবাধ ও নিরপেক্ষ হয়েছে। এসব নির্বাচন নিয়ে কোনো অভিযোগ ওঠেনি। গত সাড়ে চার বছরে বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, সরকার জনগণের কল্যাণে দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার চট্টগ্রাম বন্দর নগরের ব্যাপক উন্নয়ন করেছে। কর্ণফুলী নদীর ওপর দ্বিতীয় সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে এবং ঢাকা-চট্টগ্রাম চার লেন সড়কের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলেছে।
প্রধানমন্ত্রী বলেন, কর্ণফুলী নদীর নিচ দিয়ে ট্যানেল নির্মাণকাজের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। বন্দর নগরের যানজট নিরসনে সরকার কয়েকটি উড়ালসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই, ব্যবসায়ীরা আইন অনুযায়ী ব্যবসা-বাণিজ্য করবেন।’ তিনি আরও বৈদেশিক মুদ্রা আয় করতে নতুন নতুন রপ্তানিপণ্য তৈরি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে পাট থেকে ৩৫ প্রকার পণ্য উৎপাদিত হচ্ছে। সিসিসিআইয়ের একটি প্রতিনিধিদল বন্দর নগরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানায় এবং সুবিধাজনক সময়ে এটি উদ্বোধন করতে তাঁর প্রতি অনুরোধ জানায়। প্রধানমন্ত্রী তাদের আমন্ত্রণ গ্রহণ করেন।