যেসব দেশে রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু আচরণের কারণে গণতন্ত্র ও আইনের শাসন ব্যাহত হচ্ছে, সেসব দেশকে নিজ নিজ সংবিধানের ভেতর থেকেই সমাধান খুঁজতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন গণতন্ত্র বিশেষজ্ঞরা। গতকাল বুধবার ব্রিটিশ পার্লামেন্টে গণতন্ত্র ও আইনের শাসনবিষয়ক অধিবেশনে বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।
ঐতিহাসিক মেগনাকার্টা চুক্তির ৮০০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য শাখা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ঘানা, শ্রীলঙ্কাসহ কমনওয়েলথভুক্ত প্রায় ৫০টি দেশের প্রতিনিধিদল এতে অংশ নেয়। প্রথম দিন অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন এবং কার্যকরী সংসদ গঠনের ওপর অনুষ্ঠিত ভিন্ন ভিন্ন অধিবেশনে বক্তব্য উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব হালের প্রফেসর লর্ড নর্টন অব লাউথ, কিংস কলেজ লন্ডনের অধ্যাপক ভারনন বোগডানর, এমপি এডওয়ার্ড গার্নার, এমপি ম্যালকন ব্রুস, ওভার্সিস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের গবেষক এলিনা রোকা মেনোকাল এবং বাংলাদেশের স্পিকার ও সিপিএর চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী।
ঘানা ও কেনিয়া প্রতিনিধির পক্ষ থেকে প্রশ্ন আসে যে সরকার, আইন ও সংবিধান—সবকিছু থাকা সত্ত্বেও মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয় না কেন? এর জবাবে এমপি এডওয়ার্ড গার্নার কিউসি বলেন, জনগণ যদি সঠিক পন্থায় নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে না পারে, তখন এ সংকট তৈরি হয়। কার্যকর গণতন্ত্রের জন্য সংসদকে জনগণের প্রতি জবাবদিহি হতে হবে। প্রতিটি দেশে সমস্যার ধরন ভিন্ন ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, নিজ নিজ সংবিধানের মধ্য থেকেই সরকার ও বিরোধী পক্ষকে সমাধান খুঁজতে হবে। টেকসই গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সংবাদপত্রের মাধ্যমে রাজনীতিকেরা জনগণের মনের কথা বুঝতে পারেন।
কিংস কলেজের অধ্যাপক ভারনন বোগডানর বলেন, বিরোধী পক্ষ কিংবা সংখ্যালঘু গোষ্ঠী যদি কখনো সরকারে যাওয়ার আশা না দেখে, তাহলে তারা সংবিধান ছুড়ে ফেলতে চাইবে। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে একই সংবিধানের অধীনে সম্পৃক্ত করে রাজনীতি করতে হবে এবং প্রয়োজনে বিদ্রোহী পক্ষকে ক্ষমতার অংশীদার করার জন্য ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ আফ্রিকার কিছু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ প্রকৃতির সমস্যা রয়েছে। এসব দেশের মানুষকে আইনের মধ্য থেকে এর সমাধান খুঁজতে হবে। বাইরে থেকে এর সমাধান চাপিয়ে দেওয়া সম্ভব নয় বলে তাঁর অভিমত।
ম্যালকন ব্রুস বলেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সংসদ সদস্যদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্কের বিকল্প নেই। প্রশিক্ষণ, সেমিনার, সভা আয়োজন করে নিজেদের মধ্যে অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে এমনটি করা যায়। লিবারেল ডেমোক্র্যাট দলীয় এই এমপি বলেন, শুধু ক্ষমতায় আসীন হওয়ার জন্য নয়, জনপ্রতিনিধি হিসেবে সরকারকে সহযোগিতা করাও বিরোধী এমপিদের দায়িত্ব।