সংবিধানের ষোড়শ সংশোধনী চ্যালেঞ্জ রিটের রায় ৫ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতিদের অপসারণের বিধান জাতীয় সংসদের হাতে নিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপরে রায়ের জন্য ৫ মে দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।


বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে আজ এ রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হয়। এতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ন্যস্ত করা হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী। ৯ নভেম্বর ওই রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল দিয়ে সরকারের কাছে জানতে চান, ষোড়শ সংশোধনী কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না।

২০১৫ সালের ২১ মে ওই রুলের ওপর শুনানি শুরু হয়। ওই দিন এ বিষয়ে অ্যামিকাস কিউরি হিসেবে পাঁচজন জ্যেষ্ঠ আইনজীবীর মতামত নেওয়ার সিদ্ধান্ত নেন আদালত। তাঁরা হলেন ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকন উদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসি।