সংবিধানের সংশোধনী বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দিয়ে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ওই সংশোধনী বাতিলের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব এ দাবি জানান। তিনি বলেন, বিচার বিভাগ যদি রাজনৈতিক প্রভাবের আওতায় চলে যায়, তখন ন্যায়বিচার ও গণতন্ত্র বিপন্ন হয়।

খন্দকার মাহবুব অভিযোগ করেন, বতর্মান সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশনের সহায়তায় ভোটারবিহীন নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। সেই সংসদের কাছে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা দিয়ে সরকার সম্পূর্ণ অনৈতিক ও অবৈধভাবে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করেছে। বিচার বিভাগের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দেওয়ার জন্য এই সংশোধন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারকে এ জন্য একদিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

এক প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘সময়-সুযোগ এলে, যখন সুপ্রিম কোর্টকে দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত মনে করব, তখনই এর বিরুদ্ধে আমরা আইনি প্রক্রিয়ায় যাব।’

আইনমন্ত্রী বলেছেন, এখনই কার্যকর হচ্ছে না, কার্যকরে আইন করা হবে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে খন্দকার মাহবুব বলেন, ‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে নীতিমালা করার কথা বলে আসছি। দেখছি, নীতিমালার অভাবে দলীয় বিবেচনা করে বিচারক নিয়োগ দেওয়া হয়। বলা হয়েছিল, নীতিমালা করা হবে, কিন্তু এখন পর্যন্ত তা হয়নি। ওই নীতিমালা কবে হবে জানি না। মনে করি, সংশোধনের সঙ্গে সঙ্গেই নীতিমালা (অভিশংসন বিষয়ে আইন) প্রকাশ করা উচিত ছিল।’ এ নীতিমালা তাঁরা করবেন না, অসৎ উদ্দেশ্যের জন্য রেখে এভাবে একক ক্ষমতা হিসেবে চালিয়ে যাবেন বলেও অভিযোগ করেন তিনি।

যে পর্যন্ত ওই সংশোধনী অব্যাহত থাকবে, সে পর্যন্ত ন্যায়বিচারের স্বার্থে সুপ্রিম কোর্টে, কোনো কোর্টে আইনজীবীদের কোনো সংসদ সদস্যের মামলা পরিচালনা না করার আহ্বান জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, শনিবার সকাল ১০টায় সমিতি মিলনায়তনে সারা দেশের প্রতিটি সমিতির নির্বাচিত সভাপতি-সম্পাদকসহ প্রতিনিধিদের নিয়ে এ বিষয়ে আলোচনা করা হবে।