সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিল প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় দি পোর্টস (সংশোধন) বিল ২০১৫ সংসদ থেকে প্রত্যাহার করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রস্তাবে বিলটি প্রত্যাহার করা হয়। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান প্রত্যাহারের জন্য বিলটি আজ মঙ্গলবার সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়।

বিল সম্পর্কিত আলোচনায় জাতীয় পার্টির ফখরুল ইমাম বলেন, বিল পাসের ক্ষেত্রে তড়িঘড়ি না করে সংসদকে আরও আন্তরিক হতে হবে। তা না হলে আজ যেমন বিল প্রত্যাহার করে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে, ভবিষ্যতে আরও পড়তে হবে।

বিলটি ৬ সেপ্টেম্বর সংসদে উত্থাপিত হয়। এরপর তা যাচাইবাছাই করে প্রতিবেদন দিতে নৌপরিবহন মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় কমিটিতে পাঠানো হয়। সংসদে উত্থাপনের আগে বিলটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়। এরপর আইনটি অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা যাচাইবাছাই করে আইন মন্ত্রণালয়।

প্রস্তাবিত আইনে বলা আছে, অন্য আইন বা সুপ্রিম কোর্টসহ অন্য কোনো আদালতের আদেশ-নির্দেশে যাই থাকুক না কেন, এই আইনের সঙ্গে সম্পৃক্ত বিষয়ের ক্ষেত্রে এই আইন বা তার বিধিবিধান প্রাধান্য পাবে। বন্দরের সব ধরনের স্থাপনা, টার্মিনাল, ভবন, গ্যাংওয়ে, ল্যান্ডিং স্টেশন, ট্রানজিট শেড, ওয়্যার হাউস, জেটি, ফেরি, ল্যান্ডিং স্পেস, ডক, মুরিং, নদীর তীরবর্তী বা দূরবর্তী স্থান, যা বন্দরের আওতাভুক্ত, তা এই আইনের অধীন হবে।

কমিটির মতে, আইনটি সংবিধানের ১১২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। ১১২ অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানায় অন্তর্ভুক্ত সব নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টকে সহায়তা করবে।

সংসদীয় কমিটির প্রতিবেদনটি ৯ নভেম্বর সংসদে উত্থাপিত হয়। প্রতিবেদনে সভাপতি রফিকুল ইসলাম বলেন, নৌপরিবহন খাতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাধাহীনভাবে চালাতে আইনটি প্রস্তাব করা হয়েছে। এটি করা হলে সুপ্রিম কোর্টের এখতিয়ারে হস্তক্ষেপ করা হবে। তা ছাড়া আইনটি প্রাকৃতিক জলাশয় আইন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, পরিবেশ সংরক্ষণ আইনসহ আরও একাধিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। সম্প্রতি হাইকোর্ট এসব বিষয়ে কিছু রায় দিয়েছেন, যা আমাদের আমলে নিতে হবে।

সভাপতি বলেন, বিলটি নিয়ে কমিটিতে দুই দিন আলোচনা হয়েছে। এটি ১০৭ বছরের পুরোনো আইন। ছোটখাট সংশোধনীর মাধ্যমে আইনটিকে যুগোপযোগী করা যাবে না। যে উদ্দেশে বিল আনা হয়েছে, তা পাস হলে সরকারের উদ্দেশ্য পূরণ হবে না। তাই আইনটি নতুন করে প্রণয়ন করা দরকার।

এ ছাড়া আজ ট্রেডমার্ক বিরোধ সংক্রান্ত মামলা নিষ্পত্তির সময় ১২০ কার্যদিবস থেকে বাড়িয়ে ৩৩০ কার্যদিবস করে ট্রেডমার্ক (সংশোধন) বিল-২০১৫ সংসদে পাস হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিলটি পাসের জন্য উত্থাপন করেন।

আইন প্রণয়ন শেষে সংসদের অধিবেশন কাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।