জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, আইনজীবীদের জন্য প্রশিক্ষণ খুবই জরুরি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের দেখে মনে হয়, ভালো প্রশিক্ষণ থাকলে তাঁরা হয়তো আরও ভালোভাবে মামলা পরিচালনা করতে পারতেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলামের আইন পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় মিজানুর রহমান এ কথা বলেন। সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী গতকাল শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করে।জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, আমীর-উল ইসলাম সব সময় আইনজীবীদের উন্নত প্রশিক্ষণের কথা বলেছেন। এ জন্য তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে তা বন্ধ হয়ে গেছে।সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আমীর-উল ইসলামের যাওয়ার কথা ছিল। কিন্তু সন্ত্রাসী হিসেবে পরিচিত এক প্রার্থীকে মনোনয়ন দেওয়ার পর তিনি সেখানে যাননি। সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, আইন পেশায় আমীর-উল ইসলামের অর্ধশতাব্দী উপলক্ষে সংবর্ধনা এত ছোট পরিসরে না হয়ে জাতীয়ভাবে হওয়া উচিত ছিল। মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, বাংলাদেশের নারী আন্দোলনে যে গুটিকয়েক পুরুষ সব সময় নারীদের পাশে ছিলেন, আমীর-উল ইসলাম তাঁদের মধ্যে একজন। আমীর-উল ইসলাম বলেন, বাংলাদেশের সাংবিধানিক অগ্রগতি ছোটবেলায় করা অঙ্কের বানরের মতো। স্বাধীনতার ৪০ বছর পর এসে হিসাব করতে হচ্ছে, দেশ কতটুকু উঠল বা নামল। সংবিধানের ১৫টি সংশোধনীর একটিরও প্রয়োজন ছিল না। কিন্তু দুঃখজনকভাবে এতবার বাহাত্তরের সংবিধানের কাটাছেঁড়া করা হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ও সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন শিল্পী নাশিদ কামাল।