সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন না করার বিষয়ে নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। গতকাল রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এতে উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদকে দেওয়ার প্রস্তাব চ্যালেঞ্জ করা হয়েছে।
রিট আবেদনে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছে। ওই অনুচ্ছেদ সংশোধন না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রস্তাব-সংক্রান্ত কার্যক্রমে স্থগিতাদেশ এবং সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখার আরজিও রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ও আইনসচিবকে এতে বিবাদী করা হয়।
পরে আবেদনকারী আইনজীবী ইউনূস আলী আকন্দ প্রথম আলোকে বলেন, সংবিধানের ৯৪(৪) অনুচ্ছেদে বিচারকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া আছে। সংবিধানের ২২ অনুচ্ছেদ অনুসারে বিচার বিভাগ অন্যান্য বিভাগ থেকে পৃথক। কিন্তু বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদকে দেওয়া হলে তাঁরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। রিটের ওপর সোমবার (আজ) শুনানি হতে পারে।
১৯৭২ সালের সংবিধানে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ছিল। পরে জিয়াউর রহমানের আমলে সামরিক ফরমানে ওই অনুচ্ছেদ বাতিল করা হয়। পরে ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের’ কাছে ওই ক্ষমতা দেওয়া হয়। সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে বিষয়টি যুক্ত হয়। উচ্চ আদালতের রায়ে পরে পঞ্চম সংশোধনী বাতিল হলেও এটি বহাল থাকে।
১৯৭২ সালের সংবিধানের ‘বিচারকদের পদের মেয়াদ’ বিষয়ে ৯৬ অনুচ্ছেদের ২ ধারা অনুসারে, ‘প্রমাণিত ও অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্যসংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোনো বিচারককে অপসারিত করা যাইবে না।’