সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত চাপাতে ব্যর্থ ইউএনএফপিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমকামীদের অধিকার ও কিশোরদের প্রজনন স্বাস্থ্যশিক্ষার মতো সংবেদনশীল বিষয় বাংলাদেশসহ অন্য দেশগুলোকে চাপিয়ে দিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের বিরোধিতায় পিছু হটেছে জাতিসংঘ সংস্থাটি।

গতকাল শুক্রবার ব্যাংককে শেষ হওয়া ষষ্ঠ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় জনসংখ্যা সম্মেলনে (এপিপিসি) অংশগ্রহণকারী ৪০ দেশের মধ্যে বাংলাদেশসহ কয়েকটি দেশ সংবেদনশীল বিষয়গুলোর বিরুদ্ধে তাদের মত দিয়েছে। ১৬ সেপ্টেম্বর শুরু হওয়া এই সম্মেলনের চূড়ান্ত ঘোষণার পক্ষে ভোট দিলেও অন্তত ১৫টি দেশ সংবেদনশীল বিষয়গুলোর ব্যাপারে তাদের বিরোধিতার কথা জানিয়েছে।

কিশোরদের প্রজনন স্বাস্থ্যশিক্ষার বিরোধিতা করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। তিনি বলেন, বাংলাদেশ এ প্রস্তাবটি মেনে নিলে স্কুলগামী ১০-১২ বছরের শিশুদের কার্টুনের মাধ্যমে যৌন শিক্ষার ধারণা দিতে হবে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন গতকাল প্রথম আলোকে বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে এসব বিষয়ে সমর্থন দেওয়ার সুযোগ নেই। তা ছাড়া জাতিসংঘের সদস্য মুসলিম ও অমুসলিম ১৬টি দেশের অনানুষ্ঠানিক জোট এসব বিষয়ে বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশও ওই জোটের সঙ্গে যুক্ত।

অন্যদিকে বাংলাদেশ প্রতিনিধিদলে থাকা একজন এনজিও কর্মী সংবেদনশীল বিষয়গুলোতে ঢাকার সমর্থনের জন্য ইউএনএফপিএর পক্ষে চাপ দিতে থাকেন।

থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সম্মেলনের ঘোষণায় স্বাস্থ্যসেবা, শিশুস্বাস্থ্য, পরিবেশ, উন্নয়ন ও অভিবাসনসহ বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে। এসব ইতিবাচক দিকের ব্যাপারে বাংলাদেশের সমর্থন রয়েছে। আবার কয়েকটি সংবেদনশীল বিষয় সমর্থন করাটা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। তাই বাংলাদেশ ঘোষণার পক্ষে ভোট দিলেও সংবেদনশীল বিষয়গুলোতে আপত্তির কথা স্পষ্টভাবে জানিয়েছে।

প্রসঙ্গত, ব্যাংককে শেষ হওয়া এপিপিসি সম্মেলনে বাংলাদেশের সাত সদস্যের প্রতিনিধিদলের সব খরচ জুগিয়েছে ইউএনএফপিএ। মন্ত্রীপর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। মন্ত্রীপর্যায়ের বৈঠকের আগে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক হয়। এতে নেতৃত্ব দেওয়ার কথা স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দীনের। অথচ প্রথম দিন বক্তব্য দেওয়ার পরের দিন তিনি দেশে ফিরে আসেন।

ইউএনএফপিএ নির্ভর বাংলাদেশ!: এপিপিসির সম্মেলনে কোনো রকম প্রস্তুতি ছাড়াই অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনের আগে ১০ সেপ্টেম্বর একটি আন্তমন্ত্রণালয় সভার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি হয়নি।

জনসংখ্যাবিষয়ক বৈঠকের আগে বাংলাদেশের প্রস্তুতিহীনতার কথা স্বীকার করেছেন স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দীন। তিনি গত বুধবার সকালে তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ব্যাংককে যাওয়ার আগে কোনো আন্তমন্ত্রণালয় বৈঠক হয়নি। তবে সম্মেলনের ব্যাপারে ইউএনএফপিএর সঙ্গে আলোচনা হয়েছে।

সম্মেলনে বাংলাদেশের অবস্থানপত্র কীভাবে প্রণীত হয়েছে, জানতে চাইলে নিয়াজউদ্দীন বলেন, ইউএনএফপিএর সহযোগিতায় খসড়াটি তৈরি করা হয়েছে।

তবে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সম্মেলনে বাংলাদেশ যে অবস্থানপত্র তুলে ধরেছে, সেটি ইউএনএফপিএ তৈরি করেছে।

বৈঠক শেষ না হতেই কেন চলে এলেন, এর কোনো সদুত্তর দিতে পারেননি স্বাস্থ্যসচিব। তাঁর অনুপস্থিতিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিকুল আজিম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বলে জানান তিনি।

দৃশ্যপট পরিবর্তন সকালে: ব্যাংকক থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রস্তুতিতে একদিকে সমন্বয়হীনতা, অন্যদিকে ইউএনএফপিএর পক্ষ হয়ে এনজিও কর্মীর চাপের কারণে সংবেদনশীল বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান নির্ধারণে জটিলতা দেখা দেয়। এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার ও গতকাল দুপুর পর্যন্ত ঢাকার কাছ থেকে বার্তা পাঠানো হয় ব্যাংককে। খুব স্পষ্টভাবেই জানানো হয়, সমকামীদের অধিকার ও কিশোরদের প্রজনন স্বাস্থ্যশিক্ষার মতো বিষয়গুলোর পক্ষে থাকার সুযোগ বাংলাদেশের নেই।

সম্মেলনস্থলে বাংলাদেশ একা নয়, শেষ পর্যন্ত চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানও সংবেদনশীল বিষয়গুলোর বিরোধিতা করে। এসব দেশ পক্ষে ভোট দেওয়ার সময়ও ইউএনএফপিএর ভূমিকার সমালোচনা করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো কোনো রকম আপত্তি ছাড়াই চূড়ান্ত ঘোষণার পক্ষে ভোট দিয়েছে। আর বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, ইরান ও আজারবাইজান।