সংযত হয়ে কথা বলুন অশান্তি ছড়াবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ কক্সবাজারে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদসহ কয়েকজনের বক্তব্যকে উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বলে মন্তব্য করে এর নিন্দা-প্রতিবাদ জানিয়েছেন।গতকাল রোববার এক বিবৃতিতে হানিফ বলেন, শওকত মাহমুদ যত বড় কথা বলেছেন, তত বড় তিনি নন। হাওয়া ভবনের স্বর্গচ্যুত গডফাদাররা তাদের দুর্নীতি, দুঃশাসন, হত্যা, ধর্ষণ টেন্ডার ও চাঁদাবাজির কারণে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে বেসামাল হয়ে পড়েছে। নতুন করে পায়ের তলায় জমিন খুঁজে পাওয়ার আশায় তারা ন্যক্কারজনক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তিনি শওকত মাহমুদের উদ্দেশে বলেন, এখনো সময় আছে সংযত ভাষায় কথা বলুন। হিংসাশ্রয়ী, উসকানিমূলক ও অশালীন বক্তব্য দিয়ে রাজনীতিকে আর কলুষিত করবেন না। অশান্তি ছড়াবেন না।মাহবুবুল আলম বলেন, খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি সম্পর্কে শওকত মাহমুদ যে বক্তব্য দিয়েছেন, তা আদালত অবমাননার শামিল। তিনি বলেন, সত্য প্রকাশে যদি ভয় না থাকে, তাহলে জিয়ার কবরের কথিত লাশ তুলে ডিএনএ টেস্ট করাতে বিএনপির আপত্তি কেন? এই পরীক্ষার মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে, সেখানে জিয়ার লাশ আছে কি না। তিনি তারেক ও কোকোকে দেশে ফিরিয়ে এনে হত্যা, সন্ত্রাস নির্যাতন, বোমাবাজি, গ্রেনেড হামলা, মাদক ব্যবসা ও চোরাচালানসহ সুনির্দিষ্ট অভিযোগের বিচার দাবি করেন।প্রসঙ্গত, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ কক্সবাজারে গত শনিবার বিএনপির চট্টগ্রাম বিভাগীয় তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভায় বলেন, শহীদ জিয়ার মাজার উচ্ছেদ এবং সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়া হলে শেখ হাসিনার হাত কেটে নেওয়া হবে।শওকত মাহমুদ বলেন, আদালতের রায় হয়েছে, শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না। আইন প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন, যারা শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক বলবেন, তাঁদের বিরুদ্ধে মামলা হবে। তিনি বলেন, আবোল-তাবোল বলে স্বাধীনতার ঘোষককে নিশ্চিহ্ন করা যাবে না।