সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছেছেন। সেখানে তিনি ‘চতুর্থ বিশ্ব ভবিষ্যৎ জ্বালানি’ শীর্ষক সম্মেলনে যোগ দেবেন। আজ সোমবার এই সম্মেলন শুরু হচ্ছে। খবর বাসসের।প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট গতকাল স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে আবুধাবি বিমানবন্দরে পৌঁছায়। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন এবং আমিরাত সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের মোটর শোভাযাত্রাসহকারে আমিরাত প্রাসাদে নিয়ে যাওয়া হয়।শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন। তাঁর অন্যান্য সফরসঙ্গীর মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল।বিকেলে সংযুক্ত আরব আমিরাতের শ্রমমন্ত্রী সাকর গোবাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল স্যুটে সাক্ষাৎ করে মধ্যপ্রাচ্যের এই তেলসমৃদ্ধ দেশটিতে বাংলাদেশী জনশক্তি বিষয়ে আলোচনা করেছেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। শেখ হাসিনার ‘চতুর্থ বিশ্ব ভবিষ্যৎ জ্বালানি’ শীর্ষক সম্মেলন (ডব্লিউএফইএস) ২০১১-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান বক্তা হিসেবে ভাষণদান এবং শীর্ষ উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।