সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় জুড়ীর এক ব্যক্তি নিহত
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল-আইন শহরে গত রোববার রাতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আহত ব্যক্তিদের আল-আইনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তি হলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মো. ইয়াসিন মিয়ার ছেলে মারুফ হোসেন (২৮)। জানা যায়, রং মিস্ত্রির কাজের একটি ভিসা নিয়ে মারুফ গত শনিবার আল-আইন শহরে যান। চলতি সপ্তাহে তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল। রোববার বিকেলে মারুফ সেখানে থাকা তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে আরেক বন্ধুর সঙ্গে দেখা করতে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি রেস্তোরাঁয় যান। রাতে সেখান থেকে ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাক তাঁদের পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে মারুফ ঘটনাস্থলেই মারা যান। আহত হন পাঁচজন। আল-আইনে অবস্থানরত মারুফের ছোট ভাই আকমল হোসেন (২৩) গতকাল মঙ্গলবার মুঠোফোনে জানান, মারুফের লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আকমল আরও জানান, দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। তাঁদের পরিচয় জানা যায়নি। তবে তাঁদের বাড়ি কুমিল্লা ও মৌলভীবাজারের বড়লেখায়। গতকাল দুপুরে মারুফের বাড়িতে গেলে তাঁর বড় ভাই এরশাদ আলী (৩৫) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘রোজগারের লাগি ভাইটা বিদেশ গেছিন (গিয়েছিল)। কিন্তু এভাবে যে মারা যাইবো ভাবতামও পারিয়ার (পারছি) না।’