সংযোগ বিচ্ছিন্নকালে লাইনম্যানকে গুলি
১৩ মাসের বিল পরিশোধ না করায় ফরিদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়া এক লাইনম্যানকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন গ্রাহক। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ হতাহত হননি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামের ব্যবসায়ী মইনুল হকের (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুৎ কার্যালয় জানায়, ওই গ্রাহক ১৩ মাস ধরে বিদ্যুতের বিল পরিশোধ করেন না। তাঁর কাছে ৩৮ হাজার ৭৪২ টাকা বকেয়া আছে। সর্বশেষ দেওয়া নোটিশের মেয়াদ গত সোমবার শেষ হয়। গতকাল সংযোগটি বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা কার্যালয়ের প্রকৌশলী জিয়াউদ্দিন তরফদার বলেন, ‘বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে আমি নিজে লাইনম্যান মো. মোকসেদ আলমকে নিয়ে যাই। এ সময় মইনুল বলেন, “আমি বিলও দেব না সংযোগও বিচ্ছিন্ন করতে দেব না।” একপর্যায়ে লাইনম্যান খুঁটিতে মই দিয়ে ওপরে উঠতে থাকলে মইনুল একনলা বন্দুক এনে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ হতাহত হননি। পরে আমরা ভয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই ঘটনাস্থল ছেড়ে চলে আসি।’
মইনুল হকের মুঠোফোনে ফোন করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।