সংযোগ সড়ক নেই, অকেজো সেতু

কিশোরগঞ্জের নিকলী উপজেলার কামারপাড়া ও দক্ষিণপাড়া গ্রামের মধ্যবর্তী খালের ওপর নির্মিত সেতুর দুপাশে সংযোগ সড়ক তৈরির নামে শুধু বালু ফেলার অভিযোগ পাওয়া গেছে। ওই বালু বর্ষার পানিতে ধুয়ে গেছে। পরে সংযোগ সড়কও নির্মাণ করা হয়নি। এতে নির্মাণের পর নয় মাস পেরোলেও সেতুটি কোনো কাজে আসছে না।
নিকলী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০১৪-২০১৫ অর্থবছরে সেতুটি নির্মাণের জন্য ২৮ লাখ ৬৭ হাজার ১৬৫ টাকা বরাদ্দ দেয়। সেতু নির্মাণের কাজ পায় গাজীপুরের শ্রীপুরের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স বাচ্চু এন্টারপ্রাইজ। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০১৫ সালের এপ্রিলে তা শেষ হয়। এই সেতুর দৈর্ঘ্য ৪০ ফুট ও প্রস্থ ১৪ ফুট।
স্থানীয় বাসিন্দারা বলেন, সংযোগ সড়ক তৈরির নাম করে ওই ঠিকাদার প্রতিষ্ঠান সেতুর দুপাশে কিছু বালু ফেলে, যা বৃষ্টির পানিতে তা ধুয়ে যায়। কিন্তু পিআইওর যোগসাজশে প্রতিষ্ঠানটি গত এপ্রিলে চূড়ান্ত বিল তুলে নিয়ে গেছে। আগে ওই সেতুর জায়গায় বর্ষাকালে বাঁশের সাঁকো ছিল। হেঁটে সাঁকো পার হওয়া যেত। এখন সেতু উঁচু হওয়ায় এবং এর দুপাশে মাটি না থাকায় তাতে ওঠা যায় না।
মেসার্স বাচ্চু এন্টারপ্রাইজের তত্ত্বাবধায়ক পরিতোষ চন্দ্র রায় সিংহ মুঠোফোনে বলেন, ‘আমরা বালু দিয়ে রাস্তা করেছি। পানি নিয়ে গেলে কী করব। সেতুর নিচ থেকে যে মাটি তোলা হয়েছে জামানতের টাকা নেওয়ার সময় তা ভরাট করে দেব।’
পিআইও আবুল কালাম আজাদ বলেন, ‘ঠিকাদারের সঙ্গে আমার কোনো যোগসাজশ নেই। সংযোগ সড়ক না থাকায় এলাকার জনগণের সাময়িক একটু অসুবিধা হচ্ছে। তাদের (ঠিকাদার প্রতিষ্ঠান) দিয়ে সড়ক তৈরি করে নেওয়া হবে।’
সরেজমিনে দেখা গেছে, সেতুর দুপাশে মাটি নেই। নিচে বড় গর্ত। সেতুর প্রায় ২০০ গজের মধ্যে কামারপাড়া মসজিদ। দক্ষিণপাড়া গ্রামের শেষ মাথায় রয়েছে কবরস্থান। সেতুর পূর্ব পাড়ে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
স্থানীয় সিংপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হাদিকুল ইসলাম বলেন, ‘সেতুটির দুই পাশে ৪৫ ফুট করে মাটি ভরাট করে রাস্তা করে দেওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান তা করেনি। তারপরও তারা পিআইওর সঙ্গে যোগসাজশ করে ফাইনাল বিল দিয়েছে। সেতুর নিচ থেকে ঠিকাদার প্রতিষ্ঠান আরও পাঁচ ফুট মাটি তুলে বড় গর্ত করেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পিআইওকে কয়েকবার বলেছি। কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ নিচ্ছেন না।’
দক্ষিণপাড়ার আবদুল হাই ও কাছু মিয়া বলেন, সেতুর নিচ দিয়ে যাতায়াতে অনেক সময় গর্তে পড়ে যেতে হয়। যে সেতুর ওপর ওঠার রাস্তাই নাই তা তৈরি করে লাভটা কী হলো। সেতু হওয়ার আগেই ভালো ছিল।’
কামারপাড়ার কফিল উদ্দিন ও আবদুল করিম বলেন, গ্রামের কেউ মারা গেলেও লাশ কবরস্থানে নিতে গেলে এখন সেতুর নিচ দিয়ে যাওয়া যায় না। ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম বলেন, ওই ঠিকাদারের জামানতের তিন লাখ টাকা জমা আছে। ওই টাকা দেওয়ার আগে তাঁকে দিয়ে সেতুর সংযোগ সড়ক এবং সেতুর নিচে মাটি ভরাটের কাজ করিয়ে নেওয়া হবে।