সংযোগ সড়ক না হওয়ায় দুর্ভোগে ১৩ গ্রামের মানুষ
বগুড়ার শেরপুর উপজেলার উলিপুর-ঝাজর সড়কে খামারকান্দি ইউনিয়নের চেঙ্গামারী খালের ওপর সেতু উদ্বোধন হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছে শেরপুর ও পাশের ধুনট উপজেলার ১৩টি গ্রামের মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ের তত্ত্বাবধায়নে এক কোটি ২৩ লাখ ২৩ হাজার ৬৯৭ টাকা ব্যয়ে চেঙ্গামারী খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। ২০১৩ সালের ৭ এপ্রিল স্থানীয় সাংসদ হাবিবর রহমান সেতুটির উদ্বোধন করেন। কিন্তু দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। সেতুর দুই পাশে মাটি ফেলে স্থানীয় লোকজনের চলাচলের ব্যবস্থা করা হয়। বর্তমানে কাদাপানি মাড়িয়ে স্থানীয় লোকজন চলাচল করছে।
১৮ আগস্ট সরেজমিনে দেখা গেছে, মূল সেতু থেকে প্রায় সাড়ে চার ফুট নিচে পুরোনো সড়ক। সেতুটির উদ্বোধনের সময় ফেলা মাটি কাদায় রূপ নিয়েছে। ওই কাদাপানি মাড়িয়ে প্রয়োজনীয় কাজে স্থানীয় লোকজনকে শেরপুর উপজেলা শহরে আসতে হয়।
স্থানীয় অনেকে জানান, এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন শেরপুর উপজেলার ঝাজর, বিলনথার, গজারিয়া, রবইতলী, হালদার পাড়া, ঝাজর উত্তর ও দক্ষিণ পাড়া গ্রাম এবং ধুনট উপজেলার এলাঙ্গী, ষোলমারী, রাঙ্গামাটি, নলডিঙ্গী, হাঁসুখালী, হাঁসাপটল গ্রামের লোকজন চলাচল করে থাকে। কিন্তু সেতুর দুই পাশের দেড় কিলোমিটার রাস্তা পার হতে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কৃষিপণ্য শেরপুরের বাজারে তুলতে কৃষকদের বাড়তি অর্থ ও সময় ব্যয় করতে হয়।
ঝাজর গ্রামের বাসিন্দা আবদুল মোমিন বলেন, সেতুর উভয় পাশে নতুন করে সংযোগ সড়ক নির্মাণের দাবিতে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
ঝাজর বাজারের হোটেল ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, ‘সেতু নির্মাণ করার সময় আশা করেছিলাম, আমাদের কষ্ট দূর হবে। কিন্তু সেতুর পাশের সড়ক দিয়ে হেঁটেও চলাচল করা যায় না।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শেরপুর উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম বলেন, সেতু নির্মাণ প্রকল্পের সঙ্গে উভয় পাশে সড়ক নির্মাণের বিষয়টি ছিল না। সেতুটি উদ্বোধন করার সময় সেতুর উভয় পাশে মাটি ফেলে চলাচলের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বর্তমানে বৃষ্টির কারণে উভয় পাশের সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেতুর উভয় পাশে সড়ক নির্মাণের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্পের প্রস্তাব পাঠিয়েছেন। এখনো অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন পেলেই দ্রুত সড়ক নির্মাণ করা সম্ভব হবে।