সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় খাদের ওপর নবনির্মিত সেতুটির সংযোগ সড়ক নির্মাণ না করায় দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। গত রোববার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় খাদের ওপর নবনির্মিত সেতুটির সংযোগ সড়ক নির্মাণ না করায় দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। গত রোববার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে খাদের ওপর তিন মাস আগে সেতুর নির্মাণকাজ শেষ হয়। তবে এখনো সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এতে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় ৩৪ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রশস্তের এ সেতু নির্মাণ করা হয়। মেসার্স ইসরাফিল ট্রেডার্স এটি নির্মাণ করে। তবে নির্মাণের তিন মাস পেরিয়ে গেলেও সেতুর উত্তর পাশের সংযোগ সড়কটি নির্মাণ করা হয়নি। এতে মানুষ ভোগান্তি পোহাচ্ছে।
এ বিষয়ে গত রোববার সন্ধ্যায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। বেলা একটার দিকে পিআইও আম্বিয়া বেগমের কার্যালয়ে যাওয়া হয়। তবে ছুটিতে থাকায় তাঁকে পাওয়া যায়নি। এরপর তাঁর মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি ধরেননি।