সংযোগ সড়ক নেই, সেতু পড়ে আছে আট বছর, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযোগ সড়ক নির্মাণ না করায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর ঝলম ও হাওরা এলাকার মধ্যবর্তী স্থানে নির্মিত ‘হাওরা সেতু’ প্রায় আট বছর ধরে কোনো কাজে আসছে না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, ২০০৫-২০০৬ অর্থবছরে এলজিইডির তত্ত্বাবধানে ও ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থায়নে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে ওই সেতু নির্মাণ করা হয়।
২০০৫ সালের ৫ জানুয়ারি তৎকালীন বিএনপিদলীয় স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম ওই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০৬ সালের ২৭ অক্টোবর সেতুর নির্মাণকাজ শেষ হয়। ওই দিন সেতুর উদ্বোধন করেন সাংসদ আনোয়ারুল আজিম। তবে সেতুটি উদ্বোধন করা হলেও সংযোগ সড়ক না থাকায় তা তখন থেকেই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এটি জনগণের কোনো কাজেই লাগছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, সংযোগ সড়ক নির্মাণ না করে সেতুটি নির্মাণ করায় স্থানীয় লোকজনের ভোগান্তি বেড়েছে। ওই সেতুর স্থানে আগে বাঁশের সাঁকো ছিল। হেঁটে ওই সাঁকো দ্রুত পার হওয়া যেত। কিন্তু এখন উঁচু সেতু হওয়ায় এবং এর দুই পাশে মাটি না থাকায় উঠতে বেশ কষ্ট হয়। পাশাপাশি বেশি সময় লাগে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই পাশেই কোনো মাটি নেই। সেতুর প্রায় ২৫০ গজের মধ্যে রয়েছে মনোহরগঞ্জ থানা; পশ্চিম পারে হাওরা মাদ্রাসা ও এতিমখানা। পূর্ব-দক্ষিণ পারে মনোহরগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবন, মনোহরগঞ্জ বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যাংক-বিমাসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুর দুই পাশের মাটি ভরাটের জন্য তিন বছর আগে সাড়ে ১১ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়ে কোনো কাজ না করেই ঠিকাদার বিল তুলে নেন। মনোহরগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, মালামাল নিয়ে সেতুর ওপর দিয়ে যেতে কষ্ট হয়। সংযোগ সড়ক হলে নদীর দুই পারের কমপক্ষে ৫০ হাজার মানুষ উপকৃত হতো। তাঁরা অবিলম্বে সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান।
জাহিদুল ইসলাম জানান, সংযোগ সড়ক না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলেই তা বাস্তবায়ন করা হবে।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা মোর্শেদ জানান, অপরিকল্পিতভাবে ওই এলাকায় সেতু নির্মাণ করা হয়েছে। এখন সেতুর দুই পাশে মাটি দিলেও তা থাকবে না। সংযোগ সড়ক না করে সেতু নির্মাণ করায় এ জটিলতা তৈরি হয়েছে। এতে জনদুর্ভোগ আরও বেড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।