সংযোগ সড়কটি সংস্কার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চৌধুরীরহাট এলাকায় ভুলুয়া খালের ওপর নির্মিত স্টিল সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কটি এখনো সংস্কার করা হয়নি। এদিকে স্থানীয় এক ব্যক্তি সড়কের ধসে পড়া অংশে কাঠের সেতু নির্মাণ করে চার বছর ধরে যানবাহন থেকে অবৈধভাবে টোল আদায় করছেন।
স্থানীয় সূত্র জানায়, জোয়ার-ভাটার স্রোতে ছয় বছর আগে সড়কটির সেতুসংলগ্ন অংশ ধসে পড়ে।
স্থানীয় লোকজন জানান, লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর; নোয়াখালীর বেগমগঞ্জ, সুবর্ণচর ও সদর এবং ভোলার বিভিন্ন উপজেলার লোকজন যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য সেতুটি ব্যবহার করে। সেতুর সংযোগ সড়ক ধসে পড়ার কারণে ছয় বছর ধরে এসব এলাকার লোকজনকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় চৌধুরীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, সেতুর ওপর দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
গত ২৪ আগস্ট সরেজমিনে দেখা যায়, সেতুর পশ্চিম পাশে সংযোগ সড়কের ধসে পড়া অংশে প্রায় ২০ ফুট দৈর্ঘ্যের কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। মূল সেতুর ওপরে বাঁশ ঝুলিয়ে সুজন নামের এক যুবক যানবাহন থামিয়ে টোল আদায় করছেন। সুজন মিয়া জানান, চৌধুরীরহাটের এমরান হোসেন তাঁকে টোল আদায়ের জন্য নিয়োগ করেছেন।
সূত্র জানায়, চৌধুরীররহাট এলাকার এমরান হোসেন কাঠের সেতুটি নির্মাণ করে চার বছর ধরে যানবাহন থেকে টোল আদায় করছেন।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটার সিএনজিচালিত অটোরিকশাচালক গিয়াস উদ্দিন ও চরবাগ্গার রিকশাচালক মো. জাহাঙ্গীর জানান, কাঠের সেতু দিয়ে পারাপারের সময় বিভিন্ন যানবাহন থেকে (সাইকেল, মোটরসাইকেল, রিকশা, ইজিবাইক, সিএনজিাচালিত অটোরিকশা ও ট্রাক্টর-ট্রলির জন্য) ৫ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত টোল আদায় করা হচ্ছে। তাঁরা বলেন, প্রতিদিন দুই শতাধিক যানবাহন এ সেতু দিয়ে চলাচল করে।
এমরান হোসেন বলেন, স্থানীয় লোকজন এবং ব্যবসায়ীদের অনুরোধে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় করে জনস্বার্থে তিনি কাঠের সেতুটি নির্মাণ করেছেন। তিনি বলেন, যানবাহন চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেতুটি কয়েক দিন পরপর সংস্কার করতে হয়। এ জন্য যানবাহন থেকে টোল আদায় করে এসব খরচ মেটানো হচ্ছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী আবদুর রহিম জানান, গ্রামীণ সড়ক ও হাটবাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ওই সেতু এবং ধসে পড়া সংযোগ সড়ক মেরামতের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু কোনো কাজ হয়নি। এর মধ্যে ওই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। এ জন্য গত ৬ আগস্ট মেয়াদি রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ৬৮ লাখ টাকার একটি পৃথক প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সেতু পারাপারে যানবাহন থেকে টোল আদায়ের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, টোল আদায়ের বিষয়টি তিনি জানেন না। তিনি বলেন, এভাবে টোল নেওয়া যায় না। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।