সংযোগ নেই, তবু আসছে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে বিটিসিএলের সেবা না পেয়েও গুনতে হচ্ছে ইন্টারনেট ও টেলিফোন বিল। ছবি: প্রথম আলো
মাদারীপুরে বিটিসিএলের সেবা না পেয়েও গুনতে হচ্ছে ইন্টারনেট ও টেলিফোন বিল। ছবি: প্রথম আলো

মাদারীপুরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সেবা না পেয়েও প্রতি মাসেই গুনতে হচ্ছে ইন্টারনেট ও টেলিফোন বিল। এক বছরের বেশি সময় ধরে সেবা না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা।

বিটিসিএল মাদারীপুর কার্যালয়ের তথ্যমতে, সড়ক উন্নয়নের জন্য মাদারীপুর সদরের মস্তফাপুর থেকে শহরের চৌরাস্তা পর্যন্ত আট কিলোমিটার অংশের কয়েকটি স্থানে বিটিসিএলের তার কাটা পড়ে। এতে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুই শতাধিক গ্রাহক টেলিফোন ও ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত রয়েছেন।

বিটিসিএল সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোহাম্মদ নাসিম মাদারীপুরে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) কার্যালয় উদ্বোধন করেন। পরে ২০০৮ সালের ১ জুলাই বিটিটিবিকে পুনর্গঠন করে এর নাম দেওয়া হয় বিটিসিএল। মাদারীপুর সদরে ৩ হাজার ২৪টি টেলিফোন সংযোগের ধারণ ক্ষমতা থাকলেও শুরুতে এর গ্রাহকসংখ্যা হয় দুই হাজার। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৮৯২টিতে। যার মধ্যে প্রায় ৫০টি টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে শতাধিক গ্রাহকের। এর মধ্যে লিখিত অভিযোগ রয়েছে ২৬ জন গ্রাহকের।

বর্তমানে সংযোগ রয়েছে এমন কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা যায়, মাসে গড়ে ১০ দিন ইন্টারনেট থাকে না। আবার যেদিন থাকে, তখনো দিনে প্রায় চার-পাঁচ ঘণ্টা ইন্টারনেট বন্ধ থাকে। টেলিফোন লাইনেও রয়েছে নানা সমস্যা। যাঁদের টেলিফোনে সংযোগ নেই, তাঁরা সংযোগ বিচ্ছিন্ন করতে সংশ্লিষ্ট মহলকে একাধিকবার বলা সত্ত্বেও কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করেনি। অথচ মাসের পর মাস বিল আসছে। ফলে গ্রাহকেরা সেবা না পেয়েও বাধ্য হয়ে বিল পরিশোধ করছেন।

সরেজমিনে গত রোববার সকালে মাদারীপুর টেলিফোন ভবনে গিয়ে দেখা যায়, দুজন কর্মকর্তা ও একজন কম্পিউটার অপারেটর কার্যালয়ের আছেন। বিভাগীয় প্রকৌশলীর কক্ষ থাকলেও তিনি নেই। ভবনের সামনে টেলিফোন সংযোগে ব্যবহৃত তার এলোমেলোভাবে ফেলে রাখা হয়েছে।

শহরের সুমন হোটেল এলাকার টেলিফোন ব্যবহারকারী সঞ্জয় কর্মকার বলেন, ‘ছয় মাস ধরে লাইন বন্ধ। একাধিকবার টেলিফোন ভবনে গিয়ে অভিযোগ দিয়েছি। তবু লাইন ঠিক হয়নি। গত ছয় মাসে এক মিনিট কথা না বললেও বিল আসছেই। সংযোগ বিচ্ছিন্ন, তাহলে কেন প্রতি মাসে বিল দিয়েই যাব? এ বিটিসিএলের কেমন সেবা?’ কালীবাড়ি এলাকার জহিরুল ইসলাম বলেন, ‘দুই বছর ধরে টেলিফোনে কথা বলি না। লাইন নষ্ট হয়ে আছে। ঠিক করার জন্য লাইনম্যানকে একাধিকবার বলেছি। কিন্তু তিনি এটা লাগবে, ওটা লাগবে, তার কিনতে টাকা লাগবে, বিভিন্ন অজুহাত দেন।’ পৌর এলাকার ব্যবসায়ী মজিবুর রহমান বলেন, ‘দোকানে টেলিফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ নিয়েছি। কিন্তু দিনে ঠিকমতো ইন্টারনেট থাকে না। তাই বাধ্য হয়ে মডেম ব্যবহার করতে হয়। মাঝে ইন্টারনেট লাইন ১০ দিন বন্ধ ছিল, কিন্তু মাস শেষে সম্পূর্ণ বিল দিতে হয়েছে।’

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদারীপুর টেলিফোন ভবনের (বিটিসিএল) সহকারী ম্যানেজার (টেকনিক্যাল) শাহাদাৎ হোসেন বলেন, ‘আমাদের লোকবল –সংকটের কারণে সেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। এ ছাড়া সড়কের পাশে নালা তৈরির কারণে আমাদের কয়েকটি এলাকায় টেলিফোন লাইন বিচ্ছিন্ন আছে। তবে কোনো গ্রাহকের অভিযোগ পেলে তাৎক্ষণিক সমস্যা সমাধান করা হচ্ছে।’

লাইন বিচ্ছিন্ন থাকার পরও কেন বিল আসে, এমন প্রশ্নের জবাবে শাহাদাৎ হোসেন বলেন, ‘এটা আমার জানা নেই। তবে, তিন মাস পর্যন্ত কেউ বিল পরিশোধ না করলে তার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আমাদের লোকবল–সংকটের কারণে সেটাও করা হচ্ছে না। তাই গ্রাহক যদি সারেন্ডার করে বকেয়া বিল পরিশোধ করেন, তবে তাঁর কাছে আর বিল যাবে না। নয়তো সরকারি হিসাবে টেলিফোনের জন্য ১৩৮ টাকা বিল পরিশোধ করতে হবে।’

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ ফারুক আহম্মদ বলেন, চার লেন সড়ক নির্মাণের জন্য বিভিন্ন এলাকায় তার কাটা পড়ায় বিটিসিএলের টেলিফোন ব্যবহারকারীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। শিগগিরই বিটিসিএলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।