বগুড়া পৌরসভার ১৭ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া
সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু, দুর্ভোগের আশঙ্কা
প্রায় ১৭ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়ায় বগুড়া পৌরসভার ১৫৮টি সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গতকাল সোমবার প্রথম দিনে পৌর ভবন, পানির পাম্প, সড়কবাতিসহ ৩৬টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের আগে পৌরসভার সংযোগ বিচ্ছিন্নকরণের মাধ্যমে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় পিডিবির অভিযানের সমালোচনা করেছেন ব্যবসায়ীরা। তাঁরা শহরকে অন্ধকার ও পানিসংকটে ঠেলে দেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও করা হচ্ছে।
বগুড়া পিডিবির আবাসিক প্রকৌশলী আবুল হোসেন বলেন, ১৭ কোটি টাকার বকেয়া বিল পরিশোধের জন্য ১০ দিন সময় বেঁধে দিয়ে পৌরসভাকে পিডিবির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। তাতে সাড়া না দেওয়ায় পিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান শুরু হয়েছে।
পৌরসভার মেয়র এ কে এম মাহবুবুর রহমান বলেন, ‘পিডিবির কাছে যে বিল বকেয়া রয়েছে, সেটা অনেক আগের। একসঙ্গে এত বকেয়া পরিশোধ করার মতো তহবিল পৌরসভার নেই। ঈদের আগে সংযোগ বিচ্ছিন্ন না করার জন্য মৌখিকভাবে পিডিবিকে অনুরোধ করেছিলাম। এখন বিদ্যুৎ-পানিবিহীন শহরে ধর্মপ্রাণ মুসল্লিদের ওপর দুর্ভোগ নেমে আসবে। ঈদের কেনাকাটায় প্রভাব পড়বে। ছিনতাই-চুরির মতো অপরাধ বাড়বে। এসবের দায় পিডিবিকেই নিতে হবে।’
বগুড়া পিডিবির সূত্র জানায়, শহরের বিভিন্ন এলাকায় পৌরসভার আওতাধীন সড়কবাতি ও পানির পাম্পে পিডিবির বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে ৬৫টি, বিতরণ বিভাগ-২ থেকে ৬৬টি এবং বিতরণ বিভাগ-৩ থেকে ২৭টি সংযোগ দেওয়া রয়েছে। কয়েক বছরে এসব সংযোগে প্রায় ১৮ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে। কয়েক দফা তাগাদা দেওয়ার পর পৌরসভা থেকে সম্প্রতি এক কোটি টাকার বিল পরিশোধ করা হয়।
পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, অভিযানের প্রথম দিনে পৌরসভা কার্যালয় ছাড়াও জলেশ্বরীতলা, শেরপুর সড়ক, রহমান নগর, নূর মসজিদ লেন, এস চ্যাটার্জি লেন, বকশি বাজার, মালতিনগর, জহুরুল নগর, বাদুরতলা, নামাজগড়, প্রেসপট্টি, ঝাউতলা, বড়গোলা, দত্তবাড়ি, কাটনারপাড়া, করোনেশন স্কুল, হাকিড় মোড়, শিববাটিসহ কয়েকটি এলাকার সড়কবাতি এবং পানির পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল বারী বলেন, জলেশ্বরীতলায় প্রায় আড়াই শ ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিং মল রয়েছে। ঈদ বাজারে ব্যবসার জন্য সারা বছর ব্যবসায়ীরা অপেক্ষা করেন। এবার মধ্যরাত পর্যন্ত জমজমাট বেচাকেনা হচ্ছে। কিন্তু পৌরসভার বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেওয়ায় ঘুটঘুটে অন্ধকারে কেউ ঈদের কেনাকাটা করতে আসবেন না। রাস্তাঘাটে ছিনতাইয়ের আশঙ্কাও রয়েছে। এটা হঠকারী সিদ্ধান্ত। এতে পৌরসভার কিছু যায় আসবে না। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা। ঈদের আগে-পরে অন্ধকার রাতে মার্কেটগুলোতেও নিরাপত্তাহীনতা দেখা দেবে। পুনরায় সংযোগ দ্রুত দেওয়া না হলে ঈদের আগেই ব্যবসায়ীরা আন্দোলনে নামতে বাধ্য হবেন।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ঈদের আগে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতের বেলা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা খুবই জরুরি। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে ঈদে শহরের সড়কবাতি সচল রাখার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে পিডিবিকে অনুরোধ জানানো হবে।