সংযোগ বিচ্ছিন্ন করায় তিতাস কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার ৩
রাজধানীর যাত্রাবাড়ী থানার পশ্চিমে পোস্তগোলা সড়কে গত মঙ্গলবার রাতে তিতাস গ্যাসের তিনজন কর্মচারীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আল-হোসাইন ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জসিম উদ্দিন এবং দুই কর্মচারী জাভেদ ও আরিফ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিতাস গ্যাস মতিঝিল জরুরি নিয়ন্ত্রণ শাখার ব্যবস্থাপক মকবুল হোসেন প্রথম আলোকে জানান, রমজান মাসে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ নিশ্চিত ও নামাজের সময় লোডশেডিং রোধে সরকার পহেলা রমজান থেকে সিএনজি ফিলিং স্টেশন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্ত লঙ্ঘন করে যাত্রাবাড়ী এলাকার আল-হোসাইন ফিলিং স্টেশন গ্যাস ফিলিং করতে থাকলে অভিযান চালানো হয়। মকবুল আরও জানান, বিষয়টি ব্যবস্থাপনা পরিচালককে জানানোর পর তাঁর নির্দেশে তিনজন কর্মচারী ঘটনাস্থলে গিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। এ সময় আল-হোসাইন ফিলিং স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের ওপর হামলা চালান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে তাঁর ওপরও হামলা হয়। পরে যাত্রাবাড়ী থানা পুলিশ তাঁদের উদ্ধার করে। এই ঘটনায় বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় তিনি একটি মামলা করেন। আল-হোসাইন ফিলিং স্টেশনের মালিক ফাতেমা বেগম দাবি করেন, চাঁদা না দেওয়ায় তিতাস গ্যাসের কর্মচারীরা তাঁর ফিলিং স্টেশনে হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি।