সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ
খাগড়াছড়ির রামগড় উপজেলা সদর ইউনিয়নের সোনাইছড়া খালের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক না থাকায় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পর্যাপ্ত বরাদ্দের অভাবে তিন বছর ধরে এই সংযোগ সড়কের নির্মাণকাজ বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, খাগড়াছড়ি জেলা পরিষদ ২০১০-১১ অর্থবছরে প্রাথমিকভাবে ২২ লাখ টাকায় সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়। পরে আরও অর্থ বরাদ্দের কথা থাকলেও তা দেওয়া হয়নি। পর্যাপ্ত বরাদ্দ না পেয়ে ঠিকাদার মংসুইপ্রু চৌধুরী কাজ শেষ করতে পারেননি।
ঠিকাদার মংসুইপ্রু বলেন, জেলা পরিষদের প্রকৌশল বিভাগ ২০১০-১১ অর্থবছরে তাঁকে সেতু নির্মাণের কার্যাদেশ দেয়। পরে আরও বরাদ্দের কথা বলে প্রাথমিকভাবে ২২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে নতুনভাবে অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। বরাদ্দ না পাওয়ায় তিনি সেতুর সংযোগ সড়ক ও ধারক প্রাচীরের কাজ করতে পারেননি।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সংযোগ সড়ক না থাকায় সেতু ব্যবহারে স্থানীয় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা সুইচিং মারমা, বিবি মরিয়ম, কংজুরি মারমা ও আবুল হাসান জানান, সেতু পারাপার হতে গিয়ে মাঝেমধ্যেই লোকজন আহত হন। এ পর্যন্ত অনেকের হাত-পা ভেঙে গেছে। বিদ্যালয়ে যেতে শিশুদের বেশি দুর্ভোগ পোহাতে হয়। রামগড় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহআলম মজুমদার বলেন, ‘জনগণের কষ্টের কথা চিন্তা করে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের মাধ্যমে সেতুর সংযোগ সড়কে কিছু মাটি ফেলেছিলাম। তবে বৃষ্টি হলে এ মাটি থাকবে না। ধারক প্রাচীর দিয়ে মজবুতভাবে এ কাজ করা প্রয়োজন।’
খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজার বলেন, গত অর্থবছরে নতুনভাবে ১৫ লাখ টাকার প্রস্তাব পাঠানো হলেও অনুমোদন পাওয়া যায়নি। জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় এবার ১৮ লাখ টাকা বরাদ্দ চেয়ে আবেদন করা হবে।