সংযোগ সড়ক না হওয়ায় সেতু ব্যবহার অনুপযোগী

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দ্বিতীয় কুড়া সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার ১৫ মাসেও সংযোগ সড়ক হয়নি। এতে সেতুটি ব্যবহার করা যাচ্ছে না, দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, দ্বিতীয় কুড়া সেতু প্রকল্পে সিলেটের পূর্বাঞ্চলের তিন শতাধিক গ্রামকে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আনতে ১৯৯৯ সালে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার (সিলেট-৬) আসনের তৎকালীন সাংসদ নুরুল ইসলান নাহিদ সেতুর নির্মাণকাজ উদ্বোধন করেন। তিনটি ধাপে ১১১ দশমিক ১২ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছিল প্রায় সাড়ে তিন কোটি টাকা।
প্রথম ধাপের কাজ শেষে ২০০১ সালে সরকারের পালাবদলে সেতুর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন হলে ফের শুরু হয় কাজ। গত বছরের ১১ জুন সেতুর নির্মাণকাজ শেষ হয়।
প্রকল্পের সম্ভাব্যতা প্রতিবেদনে উল্লেখ রয়েছে, সেতু হলে গোলাপগঞ্জের প্রত্যন্ত এলাকা ছাড়াও সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আসবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর, ইসলামপুর, নুরপুর, কুলাউড়ার হাকালুকি হাওর পারের ছয়টি গ্রাম, সিলেটের ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ও বিয়ানীবাজারের তিলপাড়া, লাউতা ও নিদনপুর ইউনিয়নের শতাধিক গ্রাম।
সরেজমিনে দেখা গেছে, সেতুর এক প্রান্তের সরু রাস্তা গিয়ে মিলেছে পীরের টিলা-কোণাগাঁও সড়কে। ওই দিক দিয়ে সেতুতে ওঠার মতো অবস্থা থাকলেও অন্য প্রান্তের পুরোটাই জলাশয়। সেখানে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ নতুন সড়ক নির্মাণ করলে সেতুর সঙ্গে সংযোগ স্থাপিত হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে সেতু থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছিল খেয়াঘাট। সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার পর গত বছরের ১১ জুন থেকে এলাকাবাসী উদ্যোগী হয়ে সেতুর পাশ দিয়ে খেয়া পারাপারের ব্যবস্থা করে। শিক্ষার্থী থেকে শুরু করে সেতুর উভয় পাশের গ্রামের মানুষের বিকল্প না থাকায় খেয়া দিয়েই তাদের নদী পারা হতে হচ্ছে। কুড়া নদীর তীরবর্তী শরিফগঞ্জের কাপড় ব্যবসায়ী তোহা মিয়া বলেন, ‘আমরার অইল পোড়া কপাল! খেয়া দিয়াই সেতু পারঅই!’ ক্ষোভের সঙ্গে মো. আবদুল কু্দ্দুস বলেন, ‘আওয়ামী লীগ আবার ক্ষমতাসীন হয়ে প্রায় মেয়াদ পার করতে চলল, আমাদের এলাকার সেই সাংসদ এবার শিক্ষামন্ত্রী হয়েছেন, কিন্তু সেতু হয়েও আর হবে কি না—সন্দেহ এলাকাবাসীর।’
সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পের শুরুতেই ভূমি অধিগ্রহণ না করায় সংযোগ সড়ক নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। নিরসনের উদ্যোগও নেওয়া হয়েছে। ভূমি অধিগ্রহণ করতে জেলা প্রশাসনে আবেদন করেছি। অধিগ্রহণ হলেই সংযোগ সড়ক নির্মাণকাজ শুরু হবে।’ কবে নাগাদ ভূমি অধিগ্রহণ হবে, আর সংযোগ সড়ক নির্মাণ শুরু কবে হবে—এসব বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি নির্বাহী প্রকৌশলী।
জানতে চাইলে স্থানীয় সাংসদ ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘আমি আজ থেকে প্রায় এক যুগ আগে যে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিলাম, সেই পরিকল্পনা রাজনৈতিক কারণে বন্ধ করার অপচেষ্টা হয়েছে। সেতুটি চালু হলে এক যুগ আগেই শুধু আমার নির্বাচনী এলাকা নয়, সিলেটের পূর্বাঞ্চলের যাতায়াত চিত্র বদলে যেত।’
সংযোগ সড়ক প্রসঙ্গে শিক্ষামন্ত্রীবলেন, ‘দেরিতে হলেও এবার সেতুর নির্মাণ যেহেতু শেষ হয়েছে, দ্রুততার সঙ্গে সংযোগ সড়ক যাতে হয়, সে চেষ্টা আমার থাকবে।’