সংযোগ সড়ক নির্মাণে ঠিকাদার নিয়োগ ব্যয় বেড়েছে ২০০ কোটিটাকা
পদ্মা সেতু প্রকল্পের অধীনে জাজিরা প্রান্তের সংযোগ সড়ক নির্মাণে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সেতু ভবনে আবদুল মোনেম লিমিটেডের সঙ্গে প্রায় এক হাজার ৯৭ কোটি টাকার চুক্তি হয়েছে। দীর্ঘদিন ঝুলে থাকার কারণে এই সংযোগ সড়ক নির্মাণে প্রায় ২০০ কোটি টাকা বেশি খরচ হচ্ছে। সরকারের পক্ষে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক সফিকুল ইসলাম এবং আবদুল মোনেমের পক্ষে আবিদ হাবিব চুক্তিতে সই করেন।
সেতু বিভাগ সূত্রে জানা গেছে, জাজিরা সংযোগ সড়কটি করার কথা ছিল ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অর্থে। ২০১১ সালে সংযোগ সড়ক নির্মাণে প্রাকেযাগ্যতা যাচাই দরপত্র আহ্বান করা হয়। প্রাকেযাগ্য ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত দরপত্র আহ্বান করা হলে ২০১১ সালের ১৪ জুলাই শেষ দিন পর্যন্ত অংশ নেয় মাত্র দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে মালয়েশিয়াভিত্তিক এমটিডি কনস্ট্রাকশন ৮৯৬ কোটি টাকা প্রস্তাব করে সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হয়। কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা প্রকল্পে অর্থায়ন স্থগিত করলে আইডিবিও সংযোগ সড়কের ঠিকাদার নিয়োগ-প্রক্রিয়া আটকে দেয়। একপর্যায়ে দরপত্রের সময়সীমা পেরিয়ে যায়। তখন এমটিডি জানিয়ে দেয়, তারা এই প্রকল্পে আর কাজ করবে না।
দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হিসেবে আবদুল মোনেম লিমিটেড মালয়েশিয়ার এইচসিএমের সঙ্গে যৌথভাবে এক হাজার ৯৭ কোটি টাকা দর প্রস্তাব করেছিল। গতকাল মোনেম লিমিটেডকেই ঠিকাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে ব্যয় বেশি হবে ২০১ কোটি টাকা। জাজিরা প্রান্তে চার লেনবিশিষ্ট ১০ দশমিক ৫০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
৩০ জুন মূল সেতুর দরপত্র: জাজিরা সংযোগ সড়ক নির্মাণে ঠিকাদার নিয়োগের পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন, ৩০ জুন মূল সেতুর দরপত্র আহ্বান করা হবে। মূল সেতুর দরপত্র হবে নয় হাজার ১৭২ কোটি টাকার। ৩০ জুনের দুই-এক দিন আগেও দরপত্র আহ্বান করা হতে পারে বলে জানান মন্ত্রী।
ওবায়দুল কাদের জানান, মাওয়া প্রান্তের সংযোগ সড়ক ও সার্ভিস এলাকা নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে।