সংযোগ সড়ক নেই চলাচলে ভোগান্তি

ঢাকা-বেনাপোল মহাসড়কের নড়াইল অংশের সীতারামপুর সেতুটি নির্মাণ করা হয় তিন মাস আগে। কিন্তু এখনো পর্যন্ত সংযোগ সড়ক নির্মিত হয়নি। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলায় যোগাযোগের ক্ষেত্রে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নড়াইল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, নড়াইল অংশের সীতারামপুর সেতু প্রায় ১৫০ বছরের পুরোনো। ২০১০ সালে মালবোঝাই একটি ট্রাক সেতুর ওপর উঠলে সেতুটি ভেঙে পড়ে। ২০১১-১২ অর্থবছরে ৪৭ দশমিক ৫ মিটার লম্বা এবং ১০ মিটার চওড়া সেতু নির্মাণে সওজ বিভাগের মেরামত খাত থেকে ২ কোটি ৮২ লাখ টাকা প্রাক্কলিত মূল্যে দরপত্র আহ্বান করা হয়। নড়াইলের ব্যবসায়ী মো. ওয়াহিদুজ্জামান এবং মেসার্স সিকদার কনস্ট্রাকশন যৌথভাবে ২০১২ সালের ২২ জানুয়ারি কার্যাদেশ পায়। পরের বছর ২২ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু ঠিকাদার কাজের মেয়াদ বৃদ্ধির জন্য ২০১৩ সালের ২ ডিসেম্বর সওজ বিভাগের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করেন। পরে কাজের সময়সীমা ২০১৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়।
সীতারামপুর গ্রামের সুকুমার বিশ্বাস জানান, সেতুর পাশে ভাঙাচোরা বিকল্প রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক শ যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে ধুলার কারণে সড়কের দুই পাশের ফসলের খেত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাসচালক আবু তৈয়ব বলেন, সড়ক দিয়ে যাওয়ার সময় ধুলায় যাত্রীদের অবস্থা খারাপ হয়ে যায়। অনেক সময় গাড়ির যন্ত্রাংশও নষ্ট হয়ে যাচ্ছে।
ঠিকাদার মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে নির্দিষ্ট সময়ের তিন মাস আগেই সেতুর নির্মাণকাজ শেষ করেছি। কর্তৃপক্ষ অর্থ বরাদ্দ না দেওয়ায় নির্মাণাধীন সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হচ্ছে না।’ তিনি দাবি করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এখনো ১ কোটি ৭০ লাখ টাকা বকেয়া রয়েছে।
নড়াইল সওজের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস বলেন, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে যে জটিলতা আছে, তা খুব তাড়াতাড়ি সমাধান হবে।