সংযোগ সড়ক নেই, ৩০ বছর ধরে অচল সেতু
নাটোর সদর উপজেলার পাটুল বাজার থেকে শেরকোল সড়ক হয়ে পূর্ব দিকে দুই কিলোমিটার দূরে একটি মাঝারি আকারের পাকা সেতু দাঁড়িয়ে আছে। কিন্তু এর ওপর দিয়ে কোনো যানবাহন ও মানুষ চলাচল করছে না। সম্প্রতি উপজেলার আঁচড়াখালি গ্রামে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
স্থানীয় লোকজন জানান, দুই পাশে সংযোগ সড়ক না থাকায় ৩০ বছর ধরে সেতুটি অব্যবহূত অবস্থায় পড়ে আছে। এতে এই উপজেলার পিপরুল ইউনিয়নের চার হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পিপরুল ইউনিয়নের পাটুল ও আঁচড়াখালি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের সুবিধার জন্য সরকারি অর্থায়নে আঁচড়াখালি খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ১৫ ও প্রস্থ ১২ ফুট। কিন্তু ওই সময় অজ্ঞাত কারণে এর দুই পাশে ২০০ মিটার করে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, স্থানীয় লোকজন নৌকা দিয়ে পূর্ব পাশের পাটুল গ্রাম থেকে উত্তর পাশের আঁচড়াখালি গ্রামে যাচ্ছেন।
পিপরুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেবজ্যোতি দেব জানান, প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা ওই সেতুর কোনো কাগজপত্র ইউপি কার্যালয়ে সংরক্ষিত নেই। তাই সরকারের কোন সংস্থা সেতুটি নির্মাণ করেছে, তা বলা যাচ্ছে না। তবে সেতুর উভয় পাশে রাস্তা নির্মাণের প্রয়োজন আছে।
সেতু এলাকার বাসিন্দা ঝুড় আলী বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার ১০-১২ বছর পর এই বিরিজ (সেতু) করা হয়েছে। কিন্তু দুই দিকে পানি থাকায় বিরিজ তো কোনো কাজে আসছে না। যারা ভোটে দাঁড়ায়, তারা ভোট অ্যালে বিরিজের দুই দিকের রাস্তা করি দিতে চায়। কিন্তু ভোট শেষ হলে আর কাউকে দেখা যায় না। এভাবে ৩০ বছর কাটি গেল।’
আঁচড়াখালি গ্রামের দীপালি রানী বলেন, ‘সরকার এত ট্যাকা দিয়া বিরিজ বানাতে পারিছে। আর সামান্য কয়ডা ট্যাকা দিয়া মাটির রাস্তাও করতে পারে না?’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নাটোর সদর উপজেলা কার্যালয়ের প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, তাঁদের কার্যালয়ে ওই সেতুর কোনো কাগজপত্র নেই। তিনি ওই সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকার বিষয়টি জানেন না। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।