সংযোগ সড়ক হয়নি তিন বছরেও
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসাইল গ্রামে কান্তাবর্তী খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয় তিন বছর আগে। কিন্তু স্থানীয় উথলি ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বাধার কারণে সেতুর সংযোগ সড়ক নির্মিত হয়নি এত দিন।বর্তমানে ওই ইউপি সদস্য সংযোগ সড়কের জন্য তাঁর জমি দিতে চাইলেও বরাদ্দ না থাকায় কাজ শুরু করা যাচ্ছে না। এতে উথলির ১০ গ্রামের মানুষের দুর্ভোগও শেষ হচ্ছে না।চরপয়লা গ্রামের মজিবর রহমান বললেন, সংযোগ রাস্তা না থাকায় সেতুটি কোনো কাজে আসছে না। ধান, পেঁয়াজ, মরিচসহ বিভিন্ন শস্য হাটবাজারে নিতে চার কিলোমিটার ঘুরে শিবালয় সদরে যেতে হয়।শিবালয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উথলির রানীনগর, চরপয়লা, কোলা, মেহেদীপুর, বর্ধমানকান্দি, চরশিবরামপুরসহ কমপক্ষে ১০ গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য বাসাইল গ্রামে কান্তাবর্তী খালের ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০০৮-০৯ অর্থবছরে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের সেতু কর্মসূচি নির্মাণ প্রকল্পের আওতায় ১৩ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে কান্দাবাসাইল-চরপয়লা সড়কে খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। ২০০৯ সালে সেতুর নির্মাণকাজ শেষ হয়। কিন্তু স্থানীয় ইউপি সদস্য আসলাম হোসেনের জমির কিছু অংশে সংযোগ সড়কে পড়ায় বাধা দেন তিনি। গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাসাইল গ্রামে মৃতপ্রায় খালের ওপর ২০ ফুট দৈর্ঘ্যের ওই সেতুর উত্তর প্রান্তের অর্ধেক অংশেই পানি। কোনো সংযোগ সড়ক নেই। ইউপি সদস্য আসলাম হোসেন বলেন, ‘এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে রাস্তা নির্মাণের জন্য জমি দিতে আমি প্রস্তুত।’ উথলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাসুদুর রহমান বলেন, পরিকল্পনা অনুযায়ী সেতুটি সঠিক স্থানে নির্মাণ না হওয়ায় রাস্তা নির্মাণের জমি নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এ কারণে ইউনিয়নের ১০ গ্রামের ১২ হাজার মানুষ যাতায়াতের সমস্যায় রয়েছে।ইউপি চেয়ারম্যান বলেন, রাস্তা নির্মাণে জমি নিয়ে সমস্যার সমাধান হয়েছে। এখন সরকারি বরাদ্দের খাদ্যশস্য বা অর্থ পেলেই সংযোগ সড়কের নির্মাণ কাজ শুরু করা হবে।শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গালিব খান বলেন, উপজেলার মাসিক সমন্বয় সভায় বিষয়টি উপস্থাপনের পর তা যাচাই-বাছাই করে উপজেলা পরিষদের পক্ষ থেকে সংযোগ সড়ক নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।