সংযোগ সড়ক আবার দেবে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের তালতলী-শায়েস্তাবাদ সেতুর সংযোগ সড়ক আবার দেবে গেছে। এ নিয়ে গত এক বছরে চারবার সংযোগ সড়ক দেবে যাওয়ায় হুমকির মুখে পড়েছে সেতুটি।বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগীয় শহর বরিশালের সঙ্গে হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ১৯৯১ সালে সদর উপজেলায় তালতলী-শায়েস্তাবাদ সেতুর নির্মাণকাজ শুরু হয়। নানা কারণে কয়েকবার সেতুর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। প্রায় ১৮ বছর পর ২০০৯ সালে আবার সেতু নির্মাণের কাজ শুরু হয়। মোট ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ২০১২ সালের জানুয়ারি মাসে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এরপর চার দফা সেতুর সংযোগ সড়কে ধস নামে।গত সোমবার সরেজমিনে তালতলী-শায়েস্তাবাদ সেতুর দুই প্রান্তে সংযোগ সড়কে ধস দেখা গেছে। মূল সেতুর শায়েস্তাবাদ অংশে কয়েকটি স্থান দেবে গেছে। এ ছাড়া তালতলী অংশেও কয়েকটি স্থানে ফাটল রয়েছে। ঝুঁকি নিয়েই সেতু দিয়ে যানবাহন চলাচল করছে।এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। শায়েস্তাবাদ এলাকার বাসিন্দা জয়নাল হাওলাদার বলেন, ‘এই সেতু নির্মাণ করতে ২০ বছর সময় লেগেছে। বারবার কাজ বন্ধ হওয়ায় ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে কোনোভাবে কাজ করার সুযোগ পেয়েছেন। এ কারণে মাত্র এক বছরে চারবার সংযোগ সড়ক দেবে গেল।’ একই ধরনের অভিযোগ করেন তালতলী ও শায়েস্তাবাদ এলাকার কয়েকজন।সওজ বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী শাহ মো. শামস মোকাদ্দেস প্রথম আলোকে বলেন, সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করার পর তিনবার সংযোগ সড়ক সংস্কার করা হয়েছে। সংযোগ সড়কটি ভূমি থেকে অনেক উঁচু হওয়ায় এ সমস্যা হচ্ছে। বারবার সংস্কার করা ছাড়া আর কোনো বিকল্প নেই। তবে সংযোগ সড়কটি দেবে গেলেও সেতুর কোনো ক্ষতি হবে না।