সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতুটি
পটুয়াখালীর বাউফল উপজেলায় আলগি নদীর ওপর নুরাইনপুর-ভরিপাশা সেতুর নির্মাণকাজ ২০০৮ সালে শেষ হলেও সংযোগ সড়কের অভাবে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি অব্যবহূত পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে চার বছরেও সংযোগ সড়ক নির্মিত হয়নি।নদীর দুই পাড়ের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সূর্যমনি, কেশবপুর, নাজিরপুর ও ধুলিয়া—এই চার ইউনিয়নের দেড় লাখ মানুষের যাতায়াতের জন্য এলাকাবাসী সংযোগ সড়কসহ ওই সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাউফল উপজেলা কার্যালয় থেকে জানা গেছে, ২০০৬ সালে ওই চার ইউনিয়নের বাসিন্দাদের সুবিধার্থে সংযোগ সড়ক প্রকল্পের আওতায় আলগি নদীর ওপর নুরাইনপুর-ভরিপাশা সেতুটির নির্মাণ কার্যক্রম শুরু করা হয়। ১৫০ দশমিক ১০ মিটার দৈর্ঘ্য ও পাঁচ দশমিক ৮৫ মিটার প্রস্থের ওই সেতুটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় চার কোটি ৫১ লাখ ৫০ হাজার ৪৪৭ টাকা। কার্যাদেশ পাওয়া ঠিকাদার ওই বছরের জুলাই মাসে সেতুটির নির্মাণকাজ শুরু করে। ২০০৮ সালে সেতুটির নির্মাণকাজ শেষ হয়।এরপর সংযোগ সড়ক নির্মাণের জন্য ৯৪ লাখ ৮৮ হাজার ৫৯ টাকা টাকা ব্যয়ে দরপত্র আহ্বান করা হয়। ২০০৮ সালের ১২ মে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সাড়ে চার বছরেও সেতুর দুই পাড়ের সংযোগ সড়ক নির্মিত হয়নি। ফলে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি মানুষের কোনো কাজে আসছে না।একাংশের (নুরাইপুর) ঠিকাদারি প্রতিষ্ঠান মাহফুজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাহফুজ খান জানান, জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় জটিলতা দেখা দেয়। এ কারণে সংযোগ সড়ক নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো গাফিলতি নেই বলে তিনি দাবি করেন। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে তাঁর অংশের কাজ শেষ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।যোগাযোগ করা হলে ভরিপাশা অংশের কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. মহিউদ্দিন আহমেঞ্চদও জমি অধিগ্রহণে দেরি হওয়ার কারণ উল্লেখ করেন। তিনি বলেন, শিগগিরিই তাঁর অংশের কাজও সম্পন্ন করা হবে।কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তসলিম উদ্দিন তালুকদার বলেন, সেতুটি নির্মিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় চার বছরেও নির্মিত হয়নি দুই পাড়ের সংযোগ সড়ক। ফলে এ সেতু কোনো কাজেই আসছে না। এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী মো. ইউনুচ মিয়া বলেন, ‘কর্তৃপক্ষের কোনো উদাসীনতা নেই। সেতুর সংযোগ সড়কের জমি অধিগ্রহণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এ কাজ সম্পন্ন হবে বলে আমি আশা করছি।’