সংযোগ সড়ক না থাকায় ১৫ গ্রামের মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পীরগাছা উপজেলার তালুক উপাশু গ্রামে বুড়াইল নদের ওপর নির্মিত সেতুর সংযোগসড়ক না থাকায় সেতুটি এলাকাবাসীর তেমন কোনো কাজে আসছে না। এ কারণে এলাকার ১৫টি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষকে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-২০১১ অর্থবছরে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের অধীনে উপজেলার কল্যাণী ইউনিয়নের নব্দীগঞ্জ-তালুক উপাশু গ্রামের মধ্যবর্তী বুড়াইল নদের ওপর ১৮ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে ৪০ ফুট দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। চলতি বছর মার্চে সেতুর কাজ শেষ হলেও এ পর্যন্ত দুপাশে সংযোগসড়ক নির্মাণ না করায় তালুক উপাশু, ফতা, বড়হাজরা, বিহারী, হরগোবিন্দ, গোদা শিমলা, স্বচাষ, পশুয়া, কলাবাড়ী, খামার উপাশু, কল্যাণী ও নব্দীগঞ্জসহ আশপাশের ১৫টি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ প্রতিনিয়ত যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছেন। এ অবস্থায় এলাকাবাসী সেতুটির দুপাশে বাঁশের মাচা তৈরি করে এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে সেতুর ওপর উঠে পারাপার হলেও সেতু দিয়ে ভ্যান, রিকশাসহ যানবাহন চলাচল করতে পারে না। এ কারণে মালামাল পরিবহনে এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি পণ্য পরিবহনে তাঁদের অতিরিক্ত অর্থও ব্যয় করতে হচ্ছে।তালুক উপাশু গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন বলেন, সংযোগসড়ক না থাকায় সেতুটি এলাকাবাসীর তেমন কাজে আসছে না। এ অবস্থায় এলাকার লোকজন চাঁদা দিয়ে সেতুটির দুপাশে বাঁশের সাঁকো নির্মাণ করে কোনো রকমে চলাচলের ব্যবস্থা করেছেন। কল্যাণী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, সেতুর দুপাশে সংযোগসড়ক না থাকায় এলাকার ছাত্রছাত্রীদের অনেক কষ্টে নদী পার হতে হয়।কল্যাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওছার আলম বলেন, সেতু নির্মাণের সময় এর দুপাশে সংযোগসড়ক নির্মাণ করার কথা থাকলেও ঠিকাদার তা করেননি। ঠিকাদারি প্রতিষ্ঠান লাভ প্রমিজ কনস্ট্রাকশনের ঠিকাদার শাহিনুর ইসলাম বলেন, এলাকাবাসী আশপাশ থেকে মাটি কাটতে না দেওয়ায় সংযোগসড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, ঠিকাদারকে সংযোগসড়ক নির্মাণ করতে বলা হয়েছে। ঠিকাদার সংযোগসড়ক নির্মাণ করবেন বলে কথা দিয়েছেন।