সংযোগ সড়ক নির্মাণের দাবিতে বিক্ষোভ
সেতু নির্মিত হয়েছে। উদ্বোধনও হয়েছে। কিন্তু সংযোগ সড়ক নেই। এ কারণে তিন মাস ধরে সেতুর সঙ্গে সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ প্রতিদিন দুই গ্রামের সহস্রাধিক মানুষ চলাচল করছেন। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
এরই মধ্যে শতাধিক শিক্ষার্থী শিগগির সংযোগ সড়ক নির্মাণের দাবিতে গতকাল রোববার দুপুরে বিক্ষোভ করেছে।
এমন চিত্র পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পশ্চিম মান্দারবন বাজারের দক্ষিণ পাশে মান্দারবন খালের ওপর নির্মিত সেতুটির।
সেতুটির পাশে লাগানো সাইনবোর্ড অনুযায়ী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট প্রকল্পের আওতায় ২০১৬-১৭ অর্থবছরে প্রায় ৩১ লাখ টাকা ব্যয়ে ৩৮ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণ করে পিরোজপুরের সিয়াম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নির্মাণকাজটি করেন উপজেলার কেশবপুর গ্রামের মো. জহির নামে এক ব্যক্তি। বাস্তবায়নের দায়িত্বে ছিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, এক নারী তাঁর এক শিশুকে সাঁকো পার করিয়ে দিচ্ছেন। এর আগেই তাঁর আরেক শিশুকে সাঁকো পার করিয়েছেন। ওই নারীর নাম শিউলি বেগম (৪৫)।
শিউলি বেগম বলেন, তাঁর দুই যমজ শিশু হিমি ও হিয়া (৮) উত্তর কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সেতুটির সংযোগ সড়ক নির্মাণ না করায় সেতুটির দুই পাশে স্থানীয় লোকজন সাঁকো নির্মাণ করেছেন। আর তাঁর শিশুরা সেতু পার হতে পারে না। এ কারণে তিন মাস ধরে বেলা সাড়ে ১১টার দিকে কখনো ভেলা কিংবা সাঁকো পার করিয়ে স্কুলে পাঠান। স্কুল ছুটি হলে আবার সাড়ে চারটার দিকে ওদের ভেলা কিংবা সাঁকো পার করিয়ে নেওয়ার জন্য এখানে আসতে হয়।
এ রকম কারখানা মাধ্যমিক বিদ্যালয়, কারখানা আলিম মাদ্রাসা, সুফিয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সেতুটির সংযোগ সড়ক নির্মাণ না করায় প্রতিদিন ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। এ ছাড়া কাছিপাড়া ইউনিয়নের কারখানা ও মান্দারবন গ্রামের হাজারো মানুষের ওই সেতুটি যাতায়াতের একমাত্র পথ হওয়ায় তাঁরা চরম দুর্ভোগে পড়েছেন।
গতকাল দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী সংযোগ সড়ক নির্মাণের দাবিতে সেতু এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে।
কারখানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ আলম বলেন, ‘সেতুর সংযোগ সড়ক নির্মাণ না করায় শিক্ষার্থীসহ হাজারো মানুষ তিন মাস ধরে ভোগান্তি পোহাচ্ছেন। সংযোগ সড়ক নির্মাণ না করায় সাঁকো পারাপারে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।’ তিনি শিগগির সেতুটির সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান।
কাছিপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম অভিযোগ করেন, সেতুটি নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে। ঠিকাদার তাঁর খেয়ালখুশিমতো কাদা-পানির মধ্যে সেতুটির নির্মাণকাজ করেছেন। কোনো তদারক কর্মকর্তা ছিলেন না। এমন অভিযোগ ওই এলাকার প্রায় সব মানুষের।
ঠিকাদার মো. জহির বলেন, কার্যাদেশ অনুযায়ী সেতুটির নির্মাণকাজ হয়েছে। আর স্থানীয় লোকজন মাটি দিতে চান না। এ কারণে সংযোগ সড়ক নির্মাণে বিলম্ব হয়েছে। তবে কম সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীব বিশ্বাস শিক্ষার্থী ও মানুষের দুর্ভোগের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘খুব কম সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ করে দেওয়ার জন্য বলা হয়েছে। আশা করি দু-এক দিনের মধ্যে নির্মাণ করা হবে।’ আর সেতুটির নির্মাণকাজ তদারকি করা হয়েছে বলেও তিনি দাবি করেন।