সংযোগ সড়ক নেই, কাজে আসছে না সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পাশে সংযোগ সড়ক না থাকায় পাবনার সদর উপজেলার চর আশুতোষপুর গ্রামের একটি সেতু ১০ বছর ধরে অব্যবহূত অবস্থায় পড়ে আছে। এতে উপজেলার পাঁচ গ্রামের প্রায় ছয় হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, চর আশুতোষপুর গ্রামের পাশে মুজিব বাঁধ খালের ওপর এলজিইডির অর্থায়নে ২০০২ সালে সেতুটি নির্মাণ করা হয়। ওই সময় সেতুর দুই পাশে সংযোগ সড়কও নির্মাণ করা হয়। গত রোববার সকালে সরেজমিন আশুতোষপুর গ্রামে গিয়ে দেখা যায়, মুজিববাঁধ খালের একটি অংশে চারটি পিলারের ওপর সেতুটি দাঁড়িয়ে আছে। দুই পাশে কোনো সংযোগ সড়ক নেই। গ্রামবাসী সেতুর নিচ দিয়ে পানি মাড়িয়ে চলাচল করছে। আশুতোষপুর গ্রামের বাসিন্দা আমিন উদ্দিন শেখ জানান, খালের ওপাড়ে উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর, চর বলরামপুর, আশুতোষপুর, রানীনগর, সদিরাজপুর ও মণ্ডলপাড়া গ্রাম। গ্রামগুলোর বাসিন্দারা এই খাল পার হয়ে মুজিব বাঁধ দিয়ে ইউনিয়ন সদর ও জেলা শহরে যাতায়াত করে। একসময় এসব গ্রামের লোকজন খেয়ানৌকা ও বাঁশের সাঁকো দিয়ে খাল পারাপার করত। ২০০২ সালে সেতুটি নির্মাণ করা হয়। ওই বছরই সেতুর দুই পাশে সংযোগ সড়কও নির্মাণ করা হয়। কিন্তু প্রথম বছরই বৃষ্টির পানিতে সংযোগ সড়ক ভেঙে যায়। এরপর সড়ক আর সংস্কার করা হয়নি। বলরামপুর গ্রামের আলী আহমেঞ্চদ বলেন, ‘বিরিজির রাস্তা না থাহায় পাঁচ-ছয় মাইল ঘুরে স্থানীয় বাজারে আসা লাগে। বর্ষার দিন মানুষির কষ্টের সীমা থাহে না। বিরিজির রাস্তাডা হলি গিরামের মানুষগুলা বাঁচত।’দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম জানান, গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছে সংযোগ সড়ক করার জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু এখনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পেলেই দ্রুত সংযোগ সড়ক করা হবে।