সংযোগ সড়ক নেই, কাজে আসছে না সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী ইউনিয়নে বন্দরভিটা-সাহেবপুর সড়কে ভেড়ামারা নদীর ওপর তিন বছর আগে একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু সংযোগ সড়ক না থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। সেতুর দুই পাশে অল্প পরিমাণে মাটি ফেলে পথচারীরা কোনো রকমে যাতায়াত করছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট কর্মসূচির আওতায় ২০১৪-১৫ অর্থবছরে উপজেলার বন্দরভিটা গ্রামের নূর নবীর বাড়ির কাছে ভেড়ামারা মরা নদীর ওপর সেতু নির্মাণ করা হয়। ৩৯ ফুট দৈর্ঘ্যের আরসিসি সেতুটি নির্মাণে ব্যয় হয় ২৯ লাখ ৬১ হাজার টাকা। ঠিকাদার ছিলেন আলমডাঙ্গার বাবুল আকতার।
বন্দরভিটা ও সাহেবপুর গ্রামের মাঝ দিয়ে চলে গেছে ভেড়ামারা নদী। প্রায় ২০০ ফুট চওড়া নদীর মাঝ বরাবর দাঁড়িয়ে আছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নির্মিত সেতুটি। গত শনিবার সরেজমিনে দেখা যায়, সেতুর নিচে ছোট আকারের পানির নালা। দুই পাড়ের জমি থেকে সেতুটি অন্তত ১৫ ফুট উঁচু।
সেতুর পাশেই কথা হয় বন্দরভিটা গ্রামের উকিল আলীর (৪০) সঙ্গে। তিনি বলেন, সাহেবপুর গ্রামের মাঠে তাঁদের গ্রামের বিভিন্ন কৃষকের প্রায় ২ হাজার বিঘা জমি আছে। খেত দেখাশোনা করতে গ্রামবাসীকে প্রতিদিনই নদীটি পার হতে হয়। সেতু তৈরির আগে বর্ষা মৌসুমে বাঁশের সাঁকো এবং শুষ্ক মৌসুমে কাঁচা রাস্তায় পাওয়ার টিলার ও ভটভটি নিয়ে তাঁরা যাতায়াত করতেন। কিন্তু, সেতুটি নির্মাণের পর যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মাঠ থেকে ফসল বাড়ি আনতে আসমানখালী বাজার হয়ে আসতে হয়। এতে ১৪-১৫ কিলোমিটার পথ বেশি ঘুরতে হয়।
বন্দরভিটা গ্রামের শিক্ষার্থীরা আসমানখালী বাজারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করে। দশম শ্রেণির ছাত্র আরিফুল হক বলে, সাহেবপুর হয়ে আসমানখালী বাজারের দূরত্ব মাত্র দুই কিলোমিটার। সেতুর পাশে সংযোগ সড়ক না থাকায় সাত কিলোমিটার পথ ঘুরে স্কুলে যেতে হয়। একই কথা জানায় স্কুলছাত্র শাহীন রেজা, বিপ্লব হোসেন, শিখা খাতুন ও তানিয়া খাতুন।
এ বিষয়ে জানতে ঠিকাদার বাবুল আকতারের মুঠোফোনে ফোন করা হলে তিনি বলেন, সেতুর সঙ্গে সংযোগ সড়ক নির্মাণের শর্ত ছিল না। তারপরও লোকজনের চলাচলের স্বার্থে সেতুর দুপাশে কিছু মাটি ফেলা হয়েছিল।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান দাবি করেন, সেতু নির্মাণে কোনো অনিয়ম করা হয়নি। নিয়ম মেনেই সেতুর দুপাশে মাটি দিয়ে সংযোগ সড়ক তৈরি করা হয়েছিল। উদ্বোধনের দিন সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচলও করেছিল। বৃষ্টিতে রাস্তার মাটি ধুয়ে যাওয়ায় সমস্যা হয়েছে।
বড় গাংনী ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, ঠিকাদার সেতু তৈরির পর সংযোগ সড়ক তৈরি করেননি। সাবেক চেয়ারম্যান কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে দুপাশে মাটি দিয়ে হাঁটার পথ তৈরি করে দিয়েছিলেন। যানবাহন চলাচলের জন্য শিগগিরই সেখানে উন্নয়নকাজ করা হবে।