সংযোগ সড়ক নেই কাজে আসছে না সেতুটি
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে এক বছর আগে ১০ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় ওই সময় থেকেই সেতুটি অব্যবহূত অবস্থায় পড়ে রয়েছে। সরেজমিন পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেপামধুপুর ইউনিয়নের চর আজম খাঁ গ্রামের সোতা খালের ওপর এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে সেতু নির্মাণ করে। আজম খাঁ গ্রাম থেকে উপজেলা সদরে যাতায়াতের জন্য ওই খালটি পার হতে হয়। শুষ্ক মৌসুমে পানি না থাকায় গ্রামবাসী চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে তাদের পাঁচ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। কিন্তু সংযোগ সড়ক না হওয়ায় ওই খালের ওপর নির্মিত সেতুটি অব্যবহূত অবস্থায় পড়ে রয়েছে। ওই গ্রামের কৃষক জমশের আলী জানান, উৎপাদিত ফসল বাজারে নিয়ে বিক্রি করাসহ বিভিন্ন প্রয়োজনে পাঁচ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে উপজেলা সদরে যেতে হয় তাঁদের। এ কারণে তাঁদের পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে।টেপামধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলিম উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বৈঠক হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।এলজিইডির কাউনিয়া উপজেলা প্রকৌশলী মজিবর রহমান বলেন, ‘সেতুর দুই পাশে সংযোগ সড়কের মাটি ভরাট করা আমাদের কাজ নয়।’ ইউএনও মো. আবদুল মোতালেব সরকার বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে উপজেলা পরিষদ ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে আলাপ করে খুব শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, এলাকার মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে তিনিই সেতুটি নির্মাণের উদ্যোগ নেন। শিগগিরই সংযোগ সড়কের বিষয়টির সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।