
নির্ধারিত সময়ের মধ্যে রণগোপালদী নদীর ওপর ‘রণগোপালদী-উলানিয়া’ সেতুর মূল কাঠামোর নির্মাণকাজ শেষ হয়েছে। তবে সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজ আজও শেষ হয়নি। ভূমি অধিগ্রহণে জটিলতায় সংযোগ সড়ক নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। প্রায় দুই বছর ধরে এভাবে পড়ে রয়েছে সেতুটি। অথচ এই সেতু মানুষের চলাচলসহ যানবাহন চলাচলে উন্মুক্ত হলে পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলার সড়কপথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, একসময় গলাচিপা উপজেলার অংশ ছিল দশমিনা। স্বাধীনতা-পরবর্তীকালে গলাচিপা থানার দশমিনা, রণগোপালদী, আলীপুরা, বেতাগী সানকিপুরা ও বাউফল উপজেলার বহরমপুর, বাঁশবাড়িয়া এই ছয়টি ইউনিয়ন নিয়ে দশমিনা উপজেলা গঠন করা হয়। তবে রণগোপালদী নদী গলাচিপা ও দশমিনাকে বিচ্ছিন্ন করে রেখেছে।
দুই উপজেলাবাসী দীর্ঘদিন ধরে রণগোপালদী নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিল। এ অবস্থায় দুই উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগের জন্য ওই নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
দশমিনা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০১৪ সালের জানুয়ারিতে দরপত্র আহ্বান করে। বরিশালের ঠিকাদার মাহাফুজ খানকে কার্যাদেশ প্রদান করা হয়। সেতুর দৈর্ঘ্য ২৪৫ মিটার এবং প্রস্থ ৭ দশমিক ৩ মিটার। মূল সেতুর দুই পাশে এক মিটার করে ফুটপাত রয়েছে। ২০১৪ সালের ২৫ মার্চ স্থানীয় সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সাতটি স্প্যান, ১২টি পিলার, দুটি অ্যাবাটমেন্টের এই সেতুর পূর্ব পাশে দশমিনা এলাকায় ৪৭৭ মিটার ও পশ্চিম পাড়ে গলাচিপা অংশে ২৩২ মিটার সংযোগ সড়ক রয়েছে। সেতুর নির্মাণব্যয় ধরা হয়েছিল ২৩ কোটি ৪২ লাখ টাকা। পরে নির্মাণব্যয় বেড়ে যাওয়ায় চুক্তিমূল্য পুনরায় নির্ধারিত হয় ২৪ কোটি ৫০ লাখ টাকা। সেতু নির্মাণের সময়সীমা শেষ হয় ২০১৫ সালের ২১ জুলাই।
এদিকে নির্ধারিত সময়ে মূল সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা যাচ্ছে না। ফলে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে।
গলাচিপার উলানিয়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবর রহমান বলেন, ‘রণগোপালদী নদীর পশ্চিম পাড়ে গলাচিপার উলানিয়া বন্দর ও পূর্ব পাড়ে দশমিনার রণগোপালদী হাট। দুটিই বড় ব্যবসাকেন্দ্র। নদীর ওপর সেতুর নির্মাণকাজ সম্পন্ন হলে দুই উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে। আমরা চাই দ্রুত সেতুর সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ হোক।’
দশমিনা উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, নির্ধারিত সময়ে মূল সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। তবে সংযোগ সড়কের জায়গায় ব্যক্তিমালিকানার ১৫টি বাসাবাড়ি পড়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ করা যায়নি। এ কারণে সেতু নির্মাণের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
এলজিইডি, পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মো. হানিফ প্রথম আলোকে বলেন, ভূমি অধিগ্রহণ জটিলতার নিরসন হয়েছে। দ্রুততার সঙ্গে সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে। দু-এক মাসের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করে মানুষ ও যানবাহন চলাচলে সেটি উন্মুক্ত করা যাবে এবং দুই উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে বলে জানান তিনি।